বয়স ৮৩ পেরিয়েছে, কিন্তু কর্মস্পৃহা আর উদ্যমে এখনো তরুণদের সঙ্গে সমানতালে এগিয়ে চলেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। কয়েক দশকের দীর্ঘ অভিনয়জীবনেও যার কাজের প্রতি ভালোবাসা একটুও কমেনি, তিনি আবারও প্রমাণ করলেন বয়স তার কাছে কেবলই একটি সংখ্যা।

সম্প্রতি একদিনে টানা ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং সম্পন্ন করেছেন অমিতাভ বচ্চন। শুধু তাই নয়, একই দিনে আরও দুটি স্থিরচিত্রের শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই বিষয়টি ভক্তদের কাছে বিস্ময় জাগিয়েছে। কারণ ৮৩ বছর বয়সেও এমন ব্যস্ত কর্মসূচি সামলানো সত্যিই অনন্য এক উদাহরণ।

শুক্রবার দিনভর শুটিং শেষে গভীর রাতে বাড়ি ফিরেও বিশ্রামে যাননি এই বর্ষীয়ান অভিনেতা। বরং নিজের ব্লগে সক্রিয় হয়ে ভক্তদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেন। সেখানে তিনি লেখেন, ‘কাজ তো কাজই, কাজ তো কাজই, কাজ তো কাজই। আজ ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং করেছি, সঙ্গে দুটি স্থিরচিত্রের কাজও করেছি। এখন আবার তোমাদের সঙ্গে সময় কাটাচ্ছি।’

অমিতাভ বচ্চনের কাছে অভিনয় যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভক্তদের সঙ্গে যোগাযোগও সমান মূল্যবান। ব্লগে তিনি আরও লেখেন, ‘দেরি না করে এই যোগাযোগের প্রক্রিয়াটাই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অন্য সব কাজ চলতেই থাকবে, কিন্তু এই সংযোগ থেমে যাওয়া উচিত নয়।’

ভক্তদের সঙ্গে এই নিবিড় সম্পর্ক বহু বছর ধরেই ধরে রেখেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম, ব্লগ কিংবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত নিজের ভাবনা, অভিজ্ঞতা ও কাজের আপডেট ভাগ করে নেন। ফলে নতুন প্রজন্মের কাছেও তিনি সমান জনপ্রিয়।

অমিতাভের এই কর্মব্যস্ততা ও নিষ্ঠার খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ার বইছে। অনেকেই বলছেন, তিনি শুধু একজন অভিনেতা নন, বরং অধ্যবসায়, শৃঙ্খলা ও কাজের প্রতি ভালোবাসার জীবন্ত উদাহরণ। তরুণ শিল্পীদের জন্যও তিনি অনুপ্রেরণার এক উজ্জ্বল নাম।

বর্তমানে অমিতাভ বচ্চনের হাতে থাকা বড় প্রকল্পগুলোর মধ্যে অন্যতম ‘কল্কি ২৮৯৮ এডি’-এর দ্বিতীয় কিস্তি। বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্রে তার সঙ্গে রয়েছেন প্রভাস, কমল হাসানসহ আরও কয়েকজন জনপ্রিয় তারকা। বয়সের এই পর্যায়েও যেভাবে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তা প্রমাণ করে অমিতাভ বচ্চন শুধু একজন অভিনেতা নন, তিনি এক অনবদ্য প্রতিষ্ঠান।