চলচ্চিত্রের রঙিন দুনিয়ার বাইরে ব্যবসায়ী হিসেবেও পরিচিত জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। তবে সাম্প্রতিক সময়ে সাভারে তাদের শিল্পপ্রতিষ্ঠানের বিপুল ব্যাংকঋণ এবং ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে। এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করে মুখ খুলেছেন এই দম্পতি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্টে মানুষের ভালোবাসা ও দোয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অনন্ত ও বর্ষা। পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে অনন্ত জলিল লিখেছেন, আল্লাহর ওপর ভরসাই তাদের একমাত্র ভরসা। পাশাপাশি যারা নেতিবাচক প্রচারণা বা টিআরপির জন্য কাজ করছেন, তাদের হেদায়েতের জন্য দোয়া করেছেন তিনি। অন্যদিকে বর্ষা জানিয়েছেন, ব্যবসা বা জীবনে সবসময় সময় একরকম যায় না; কঠিন সময়কে আল্লাহর ওপর ভরসা করে পার করতে চান এবং সবার কাছে নিজেদের পরিবারের জন্য দোয়া চেয়েছেন।