মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী ও ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ আলী। শুক্রবার (১৩ নভেম্বর) বাদ আসর রাজধানীর গোপীবাগ পঞ্চায়েত কমিটি কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে গোপীবাগ আড়াই লেনের বায়তুন নূর জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। মায়ের কবরের পাশেই শায়িত হওয়ার ইচ্ছা ছিল এই গুণী শিল্পীর।
এর আগে শুক্রবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন সাহেদ। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা শুরু করা এই শিল্পী সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ হিসেবেও বেশ পরিচিত ছিলেন। তাঁর জনপ্রিয় অ্যালবামের মধ্যে রয়েছে ‘প্রভু’, ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘উটপাখির ডিম’ ও ‘খোলা চুল’। তাঁর এই আকস্মিক প্রয়াণে দেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।