দেশের চলচ্চিত্রে বড় আয়োজন নিয়ে আসছে ভৌতিক ঘরানার সিনেমা ‘আন্ধার’। ছবিটি পরিচালনা করছেন নির্মাতা রায়হান রাফী। শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানের গল্পে নির্মিত এই সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহ শুরু থেকেই তুঙ্গে। এবার সিনেমাটির যাত্রা শুরুর আনুষ্ঠানিক ইঙ্গিত দিলেন নির্মাতা।

সামাজিক মাধ্যমে সিনেমাটির একটি কনসেপ্ট পোস্টার শেয়ার করে রায়হান রাফী লিখেছেন, “এতদিন আমরা আড়ালে কাজ করেছি। চেষ্টা করেছি একটা ছবি বানাতে, যেটা আপনাদের সম্পূর্ণ নতুন এক্সপেরিয়েন্স দেবে। এখন ধীরে ধীরে সব আন্ধার থেকে আলোয় আসবে, আপনাদের সামনে। ‘আন্ধার’এর যাত্রা শুরু হতে যাচ্ছে। আপনারা সঙ্গে আছেন তো?”

প্রকাশিত পোস্টারে দেখা যায়, গভীর রাতের অন্ধকারে একটি নির্জন সড়কের পাশে আলো জ্বলা ছোট্ট একটি দোকান এবং তার সামনে দাঁড়িয়ে থাকা একটি হলুদ রঙের জিপ। নিচে বড় অক্ষরে লেখা ‘ANDHAR’, আর তার নিচে ইংরেজিতে লেখা ‘THE JOURNEY BEGINS.’

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে ভক্ত অনুরাগীরা নির্মাতা ও পুরো টিমকে শুভকামনা জানিয়েছেন। অনেকেই সিনেমাটির টিজার, ট্রেলার এবং মুক্তির তারিখ ঘোষণার অপেক্ষায় থাকার কথাও জানিয়েছেন।

গত বছর ‘আন্ধার’ সিনেমার ঘোষণা দেওয়ার সময় জানানো হয়েছিল, এটি ২০২৬ সালে মুক্তি পাবে। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। সম্প্রতি শেষ হয়েছে ডাবিংয়ের কাজও। বর্তমানে ভারতের মুম্বাইয়ের একটি স্বনামধন্য পোস্ট প্রোডাকশন স্টুডিওতে চলছে সম্পাদনা ও অন্যান্য পোস্ট-প্রোডাকশনের কাজ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা রায়হান রাফী ও আদনান আদিব খান।

নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আন্ধার’।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অতিপ্রাকৃত বিষয় নিয়ে গবেষণা এবং রেডিওতে ‘ভৌতিস্ট’ অনুষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা থেকে শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন সিনেমাটির মূল গল্প নির্মাণ করেছেন।

সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার, তানজিকা আমিনসহ একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পী। পাশাপাশি এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তরুণ দুই শিল্পী ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।