কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের বহুল প্রতীক্ষিত ঢাকা কনসার্ট শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘অনিবার্য কারণ’ দেখিয়ে অনুষ্ঠানটি বাতিলের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

বুধবার আয়োজকদের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনসহ সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর অনুষ্ঠানটি আয়োজন না করার সিদ্ধান্ত নিতে হয়েছে।

আয়োজকরা জানান, আকস্মিক এই সিদ্ধান্তে টিকিটধারী দর্শক, সংগীতপ্রেমী, শিল্পী, স্পন্সর এবং সংশ্লিষ্ট সবার মধ্যে হতাশা তৈরি হয়েছে। তবুও রাষ্ট্রের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনাকে সম্মান জানিয়ে তারা কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত মেনে নিচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অনুষ্ঠান বাতিলের কারণে আয়োজকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। দীর্ঘদিনের প্রস্তুতি, আয়োজনের বিভিন্ন খরচ এবং সংশ্লিষ্ট কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছিল। তবে পরিস্থিতির কারণে কনসার্টটি আর আয়োজন করা সম্ভব হচ্ছে না।

টিকিটধারীদের জন্য স্বস্তির খবরও দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, যেসব দর্শক টিকিট কিনেছেন, তাদের প্রত্যেককে অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম থেকে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, অনুপম রায় বাংলা গানের জনপ্রিয় এক নাম। তার কনসার্ট ঘিরে ঢাকার সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। তবে শেষ মুহূর্তের এই সিদ্ধান্তে সেই অপেক্ষার অবসান ঘটলেও ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক হতাশা।