দুই দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে কাজ করছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রায় একশ’র মতো সিনেমায় অভিনয় করলেও বর্তমানে তাকে আগের মতো সিনেমার শুটিং সেটে তেমন দেখা যায় না। এখন তিনি বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের ফটোশুট ও প্রচারণামূলক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যেই সম্প্রতি এক অনুষ্ঠানে ঢালিউড ইন্ডাস্ট্রি নিয়ে দেওয়া তার মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
অপু বিশ্বাসের মতে, গত এক দশকে দেশের চলচ্চিত্র অঙ্গনের পরিবেশ অনেকটাই বদলে গেছে এবং সেই পরিবর্তন ইতিবাচক নয়। তার দাবি, ২০১৬ সালের পর থেকেই ঢালিউডে নানা ধরনের ‘নোংরামি’ শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
শৈশবে নাচের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত ছিলেন অপু বিশ্বাস। পরে নাটকে ছোট ছোট চরিত্রে অভিনয় করার পর চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। তিনি জানান, পরিচালক আমজাদ হোসেন এর সিনেমা ‘কাল সকালে’ অভিনয়ের মধ্য দিয়েই তার চলচ্চিত্রে পথচলা শুরু। তার ভাষায়, ২০০৭-০৮ সালের সময়টায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ছিল বেশ কর্মমুখর এবং সে সময় থেকেই দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি।
তবে বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ হতাশ এই অভিনেত্রী। ক্ষোভের সুরে তিনি বলেন, ২০১৬ সালের পর থেকে ইন্ডাস্ট্রিতে অনেক নোংরামি শুরু হয়েছে। তার মতে, এখন যেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একটি ‘ডাস্টবিনে’ পরিণত হয়েছে। যদিও তিনি ঠিক কী ধরনের নোংরামির কথা বলেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
অপু বিশ্বাস মনে করেন, মতভেদ বা পক্ষ-বিপক্ষ সব ইন্ডাস্ট্রিতেই থাকে হলিউড, বলিউড কিংবা টালিউডেও আছে। কিন্তু সেখানে কাজের পরিবেশ নষ্ট হয় না। তার মতে, বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে সেই সহযোগিতার সংস্কৃতির ঘাটতি এখন সবচেয়ে বেশি।
গত কয়েক বছরে অভিনয়ের চেয়ে ব্যবসায়িক কর্মকাণ্ডে বেশি সময় দিয়েছেন অপু বিশ্বাস। তবে তিনি আবারও নিয়মিতভাবে চলচ্চিত্রে কাজ করতে চান। তার মতে, পছন্দের গল্প না পাওয়ায় এখন তাকে বেশি দেখা যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা ও ফটোশুটে।
বিরতির পর আবারও শুটিংয়ে ফিরছেন অপু বিশ্বাস। গত বছরের ডিসেম্বরে তিনি দুটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। অভিনেতা আদর আজাদ–এর সঙ্গে ‘সিক্রেট’ এবং আবদুন নূর সজল এর সঙ্গে ‘দুর্বার’ সিনেমায় অভিনয় করবেন তিনি। চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে নিয়মিত জিমেও সময় দিচ্ছেন এই অভিনেত্রী। এরই মধ্যে সিনেমা দুটির অর্ধেকের বেশি শুটিং শেষ হয়েছে।
এর আগে পরিচালক বন্ধন বিশ্বাস এর ‘ছায়াবৃক্ষ’ ও ‘লালশাড়ি’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। এর মধ্যে ‘লালশাড়ি’ নির্মিত হয়েছে তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই।