ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ ১১ অক্টোবর। বিশেষ এই দিনে মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ছেলে আব্রাম খান জয়। জন্মদিনের প্রথম প্রহরে মায়ের সঙ্গে কেক কাটার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাও জানিয়েছে সে।
অপু বিশ্বাসের ফেসবুক পোস্টে ছেলের ভালোবাসার প্রকাশ দেখা গেছে। সেখানে লেখা, ‘হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মমি।’ সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একগুচ্ছ ভালোবাসার ইমোজি। মা ছেলের এই মিষ্টি মুহূর্ত ভক্তদের নজর কেড়েছে।
১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ায় জন্ম অপু বিশ্বাসের। ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল তার। নাচ শেখার সুবাদে অভিনয়জগতে পা রাখেন তিনি। ২০০৫ সালে বরেণ্য নির্মাতা আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।
তবে ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান অপু। এরপর এই জুটির একের পর এক সিনেমা বাণিজ্যিক সাফল্য পায়। ঢালিউডে শাকিব-অপু জুটি দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা অর্জন করে।
দীর্ঘ ক্যারিয়ারে ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘আমার জান আমার প্রাণ’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘নিঃশ্বাস আমার তুমি’ ও ‘কোটি টাকার প্রেম’ এর মতো বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হয়েছেন অপু বিশ্বাস। ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। দুই দশকের ক্যারিয়ারে নানা উত্থান-পতনের মধ্যেও ঢালিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি। জন্মদিনে ছেলের ভালোবাসা আর ভক্তদের শুভেচ্ছায় বিশেষ দিনটি উদ্যাপন করছেন এই তারকা।