ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের ব্যস্ততা এখন তুঙ্গে। নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন নাটক ‘ছুঁয়ে দিলাম তোমায়’। নাটকটি দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেতা। পাশাপাশি নিজের নতুন কাজ, সহশিল্পীদের সঙ্গে অভিজ্ঞতা এবং বড় পর্দায় অভিনয়ের পরিকল্পনা নিয়েও কথা বলেছেন তিনি।

ক্যাপিটাল ড্রামার প্রযোজনায় নির্মিত ‘ছুঁয়ে দিলাম তোমায়’ মুক্তির এক দিনের মধ্যেই প্রায় সাড়ে তিন মিলিয়ন ভিউ পেয়েছে বলে জানান তৌসিফ। নাটকটি নিয়ে দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়ায় সন্তুষ্ট তিনি। অবসর সময়ে ইউটিউবে নাটকটির প্রায় দেড় হাজার মন্তব্য পড়েছেন বলেও জানান অভিনেতা। তাঁর দাবি, মন্তব্যগুলোর সবই ইতিবাচক ছিল। কেউ তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন, আবার কেউ গল্পের শেষাংশ পছন্দ করেছেন। দর্শকের এমন ভালোবাসা তাঁকে আগামী দিনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায় বলে জানান তিনি।

নাটকটিতে তৌসিফের সঙ্গে অভিনয় করেছেন তটিনী ও নবাগত অভিনেত্রী নীহা চৌধুরী। নীহা মডেলিংয়ের সঙ্গে যুক্ত থাকলেও অভিনয়ে নতুন। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তৌসিফ বলেন, সহশিল্পী নির্বাচন সাধারণত পরিচালকের সিদ্ধান্ত। গল্পের প্রয়োজনেই নতুনদের সুযোগ দেওয়া হয়। নীহা ছোটবেলা থেকে তাঁর নাটক দেখে বড় হয়েছেন এবং একসঙ্গে অভিনয় করতে গিয়ে কিছুটা নার্ভাস ছিলেন বলেও জানতে পেরেছেন তিনি। তবে কাজটি করার পর নীহা নিজের চরিত্র সম্পর্কে প্রয়োজনীয় উত্তর পেয়েছেন বলে আশা প্রকাশ করেন তৌসিফ।

সাম্প্রতিক সময়ে নতুন অভিনেত্রীদের সঙ্গে বেশি কাজ করা প্রসঙ্গে তৌসিফ বলেন, নতুনদের তুলনায় তিনি প্রায় ১২ থেকে ১৪ বছরের সিনিয়র। রোমান্টিক গল্পে অভিনয়ের ক্ষেত্রে দুই শিল্পীর মধ্যে ভালো রসায়ন থাকা জরুরি। তাই নতুন সহশিল্পীরা যাতে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন, সে চেষ্টা করেন তিনি। একসময় তটিনীও নতুন ছিলেন, কিন্তু এখন তিনি পরিণত অভিনেত্রী হয়ে উঠেছেন। নতুনদের সহযোগিতা করতে ভালোবাসেন জানিয়ে তৌসিফ আরও বলেন, অনেক নতুন শিল্পী মনে করেন, তাঁর সঙ্গে কাজ করলে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে এবং আলোচনায় আসার সুযোগ তৈরি হয়।

বর্তমানে স্ত্রীকে নিয়ে সিলেটে ছুটি কাটাচ্ছেন তৌসিফ। টানা ৯০ দিন শুটিং করার পর তিন-চার দিনের বিরতি নিয়েছেন তিনি। তবে এই ছুটি শেষ করেই আবার কাজে ফিরবেন অভিনেতা। ঢাকায় ফিরে পরিচালক ভিকি জাহেদের একটি ওয়েব ফিল্মের প্রস্তুতি শুরু করবেন। আগামী ১৫ অক্টোবর থেকে এর শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। কাজটি শেষ করতে সাত থেকে ১০ দিন লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।

এরপর অক্টোবরের শেষ দিকে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিংয়ে অংশ নেবেন তৌসিফ। তিন-চার দিনের শুটিংয়ে এবারের মতো সিজনের কাজ শেষ হওয়ার কথা। এরপর আবার ভিকি জাহেদের পরিচালনায় ‘চক্র ৩’-এর শুটিং শুরু করবেন তিনি। নভেম্বর থেকে এর শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরে মুক্তির ঘোষণা থাকায় নির্ধারিত সময়ের মধ্যেই কাজটি শেষ করতে হবে।

নাটক ও ওয়েব কনটেন্টে সাফল্যের পর কবে সিনেমায় দেখা যাবে তাঁকে, এমন প্রশ্নের জবাবে তৌসিফ বলেন, কোনো কিছু নিয়েই তাড়াহুড়া করতে চান না তিনি। যখন অনেকেই ওটিটিতে কাজ করছিলেন, তখনো তিনি নাটকেই মনোযোগী ছিলেন। পরে সময় নিয়ে ভালো একটি ওয়েব প্রজেক্টে কাজ করেছেন এবং দর্শকের কাছ থেকে অভাবনীয় সাড়া পেয়েছেন। সিনেমার ক্ষেত্রেও দর্শকদের হতাশ করতে চান না তিনি। তাই উপযুক্ত গল্প ও ভালো প্রজেক্ট পেলেই বড় পর্দায় কাজ করতে আগ্রহী।

তৌসিফ জানান, সম্প্রতি ‘নিকেতনপাড়া’ থেকে একটি সিনেমার প্রস্তাব পেয়েছিলেন। এ নিয়ে কয়েক দিন আলোচনাও হয়েছে। তবে শিডিউলজনিত সমস্যার কারণে শেষ পর্যন্ত সিনেমাটিতে কাজ করা সম্ভব হয়নি। সিনেমার প্রস্তাব আসছে জানিয়ে তিনি বলেন, সবকিছু চূড়ান্তভাবে মিলে গেলেই নতুন সিনেমা নিয়ে বিস্তারিত জানাবেন।