ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস বর্তমানে নেপালে অবস্থান করছেন। সেখানে আসন্ন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে শুটিংয়ের ফাঁকে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে ভক্তদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। এ সময় সিনেমায় অনিয়মিত হওয়া, ব্যক্তিজীবন, ক্যারিয়ার, ব্যবসা এবং তাকে ঘিরে বিভিন্ন আলোচনা-সমালোচনার বিষয়ে খোলামেলা বক্তব্য দেন এই অভিনেত্রী।

লাইভে এসে অপু বিশ্বাস জানান, বর্তমানে ছেলের পড়াশোনা ও তাকে সময় দেওয়াই তার সবচেয়ে বড় অগ্রাধিকার। তিনি বলেন, ‘অনেকেই জানতে চান আমি সিনেমা করছি না কেন। আমার ছেলে এখন এইট প্লাস। একজন মা হিসেবে তাকে সময় দেওয়াটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। টানা ২০-২৫ দিনের শুটিং করলে সন্তানের জন্য সময় বের করা কঠিন হয়ে যায়। বিশেষ করে ছয় বছর আগে মা মারা যাওয়ার পর থেকে ছেলের দায়িত্ব পুরোপুরি আমার ওপর। তাই আপাতত সিনেমাকে খুব বেশি ফোকাসে রাখিনি।’

তিনি আরও বলেন, ‘ফটোশুট, ব্র্যান্ড প্রমোশন বা উদ্বোধনী অনুষ্ঠানের কাজগুলোতে সময় কম লাগে। তাই এগুলো করতে সুবিধা হয়। পাশাপাশি আমার বিউটি পার্লার, বুটিক ও অনলাইন ব্যবসাতেও সময় দিচ্ছি।’

সিনেমায় নিয়মিত না থাকলেও বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা ও ফটোশুটে অংশ নেওয়া নিয়ে সমালোচনারও জবাব দেন অপু। তিনি বলেন, ‘একজন মানুষ কোথাও গেলেই বা কোনো কাজ করলেই সেটাকে নেতিবাচকভাবে দেখার কারণ নেই। আমি ২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছি। তাই জানি কীভাবে নিজেকে উপস্থাপন করতে হয়।’

ক্যারিয়ারের সোনালি সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, ‘২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বছরে অন্তত ২৪টি সিনেমায় কাজ করেছি। এমনও ঈদ গেছে, যখন একসঙ্গে সাতটি সিনেমা মুক্তি পেয়েছে। এই জায়গাটা আমি পরিশ্রম করেই তৈরি করেছি। এখন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটিন আমার সন্তান। যারা আমাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন, তাদের বলব—অন্যকে নিয়ে সময় নষ্ট না করে নিজের পরিবার বা কাজে মনোযোগ দিন।’

নেতিবাচক আলোচনা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন অপু। তার ভাষায়, ‘নেগেটিভ বা পজিটিভ—সব ধরনের আলোচনা আমার ভালো লাগে। কারণ শেষ পর্যন্ত আলোচনাটা আমাকে নিয়েই হচ্ছে।’

নতুন সিনেমা ‘শিকার’ প্রসঙ্গেও ভক্তদের আপডেট দেন তিনি। জানান, সিনেমাটির গল্প দারুণ, পরিচালক রোমান চমৎকারভাবে কাজ করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন নতুন নায়ক পলাশ। বাংলাদেশ, ভারত ও নেপালের তিন দেশের টিম একসঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।

সবশেষে ভক্তদের উদ্দেশে অপু বিশ্বাস বলেন, ‘একজন শিল্পী তার কাজের মধ্য দিয়েই বেঁচে থাকে। কাজ করেই আমরা দর্শকের ভালোবাসা অর্জন করেছি। তাই আমাকে নিয়ে বিভক্ত হওয়ার কিছু নেই, আপনারা সবসময় এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।’