গত বছর ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। এবার শাকিবের পর ‘তাণ্ডব’ শিরোনামের নতুন সিনেমা নিয়ে আসছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। শুভশ্রী গাঙ্গুলির প্রযোজনা ও রাজ চক্রবর্তীর পরিচালনায় এই সিনেমার হাত ধরে প্রায় এক যুগ পর আবারও রাজের সিনেমায় ফিরছেন মিমি।
প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘তাণ্ডব’-এর ক্ল্যাপস্টিক হাতে নিজের একটি ছবি শেয়ার করে নতুন এই প্রজেক্টে যুক্ত থাকার খবরটি নিশ্চিত করেছেন মিমি নিজেই। ছবিটির নিচে রাজ চক্রবর্তীর স্ত্রী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ‘সুপার হ্যাপি’ মন্তব্য করায় বিষয়টি নেটিজেনদের মধ্যে নতুন করে চর্চার জন্ম দিয়েছে। রাজের সাথে মিমির শেষ কাজ ছিল ‘কাঠমুণ্ডু’। এর আগে তাঁরা ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ ও ‘যোদ্ধা’-র মতো একাধিক হিট সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।
‘তাণ্ডব’ সিনেমায় মিমির চরিত্র নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে জানা গেছে, সিনেমাটি মূলতঃ থ্রিলার ঘরানার এবং এতে এই অভিনেত্রীকে একটি অ্যাকশনধর্মী লুকে দেখা যেতে পারে।