বছরের শুরুতে ওয়েব ফিল্ম হিসেবে ঘোষণার পর নানা কারণে পিছিয়ে যায় অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। তবে এবার আর ওয়েব প্ল্যাটফর্মে নয়, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবেই বড় পর্দায় মুক্তি পাবে ‘শিকার’।
নির্মাতা কামরুজ্জামান রোমান জানিয়েছেন, প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগায় মার্চে শুটিং শুরু করা সম্ভব হয়নি। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ায় চলতি মাসের মাঝামাঝি থেকে ক্যামেরা চালু হবে।
ওয়েব ফিল্ম থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপান্তরের সিদ্ধান্ত প্রসঙ্গে নির্মাতা বলেন, প্রি-প্রোডাকশনের সময় গল্প, বাজেট ও শিল্পীদের বিষয়গুলো পর্যালোচনা করে তাদের মনে হয়েছে, ‘শিকার’ বড় পর্দার জন্যই বেশি উপযোগী। পরে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিনেমা হিসেবে নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্মাতা আরও জানান, সিনেমাটির অধিকাংশ দৃশ্যের শুটিং হবে নেপালে। এ লক্ষ্যে শুটিং ইউনিট চলতি মাসের মাঝামাঝি দেশটিতে যাবে।
এদিকে সিনেমার সংগীতের কাজও এগিয়ে চলছে। ইতোমধ্যে ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও ন্যান্সি। এর কথা লিখেছেন কবির বকুল, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। এছাড়া আকাশ মাহমুদের সুরে আরও একটি আবেগঘন গানের রেকর্ডিংও শেষ পর্যায়ে রয়েছে।
সীমান্তবর্তী এলাকার প্রেক্ষাপটে নির্মিত থ্রিলারধর্মী এই সিনেমায় অপু বিশ্বাসকে দেখা যাবে এক গ্ল্যামারাস চরিত্রে। নির্মাতার ভাষ্য, ‘শিকার’-এর সবচেয়ে বড় শক্তি হবে এর গল্প।
সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুরতজা পলাশ। আর এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।