বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর সেখানে অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসা নিয়েছেন এই অভিনেতা।
সম্প্রতি লন্ডনে ইলিয়াস কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন চিত্রনায়িকা রোজিনা। সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে অভিনেতার শারীরিক অবস্থার খবর জানান তিনি।
পোস্টে রোজিনা জানান, বেশ কয়েক মাস ধরে অসুস্থ ইলিয়াস কাঞ্চন বর্তমানে মেয়ের বাসায় অবস্থান করছেন। তার সঙ্গে দেখা করতে গিয়ে একসঙ্গে খাওয়া-দাওয়াও করেছেন তারা।
রোজিনা আরও জানান, আল্লাহর রহমত ও সবার দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন ইলিয়াস কাঞ্চন। অতি শিগগিরই তিনি দেশে ফিরে আসবেন বলেও আশা প্রকাশ করেন এই অভিনেত্রী। পাশাপাশি কাঞ্চনের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তী সময়ে চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেতা।