ঢালিউডে কাজের পরিবেশ, প্রস্তুতি ও ভাবনায় বইছে পরিবর্তনের হাওয়া। প্রযুক্তির ছোঁয়া ও আধুনিক দৃষ্টিভঙ্গির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশীয় চলচ্চিত্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা ইন্ডাস্ট্রির বর্তমান প্রেক্ষাপট, নতুন প্রফেশনালিজম ও কারিগরি টিমের দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
আমাদের দেশের কারিগরি কুশলীদের মেধার মূল্যায়ন করে অপু বিশ্বাস জানান, বাংলাদেশে যারা টেকনিশিয়ান বা কারিগরি পারসন আছেন, তারা অত্যন্ত মেধাবী। তবে সময়ের চাহিদা মেনে নিজেদের গড়ে তোলা ও আপডেট হওয়াটা এখন খুব জরুরি।
কাজের ক্ষেত্রে নতুন প্রজন্ম ও টিমের পেশাদারিত্ব প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, "বর্তমানে যেসব টিম কাজ করছে, তারা অনেক বেশি প্রফেশনাল। প্রফেশনালিজম বলতে আমি এটাই বোঝাতে চাই যে কাজটাই করা হোক না কেন, সেখানে ডেডিকেশন থাকবে ১০০ পারসেন্ট, কোনো ছাড় থাকবে না।"
তিনি অতীত ও বর্তমানের কাজের সূক্ষ্ম পার্থক্য তুলে ধরে আরও যোগ করেন, আগে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে লোকেশন বা অন্যান্য বিষয়ে কম্প্রোমাইজ করতে হলেও এখনকার নতুন টিমগুলো গল্পের প্রয়োজনে কোনো আপস করে না। সিনেমাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে এই ধরনের অদম্য মনোযোগ ও পেশাদার মানসিকতাই সবচেয়ে বেশি দরকার। স্বদেশি টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে স্পেশাল উল্লেখ করে তিনি জানান, চলচ্চিত্রে পরিবর্তনের এই নতুন ধারাটি সত্যি প্রশংসনীয়।