সালমান শাহর জীবন ও ক্যারিয়ার অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’এ অভিনয় করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। সিরিজটির মাধ্যমে কিংবদন্তি এই অভিনেতাকে নতুন করে জানার সুযোগ পেয়েছিলেন তিনি।
সম্প্রতি আবারও আলোচনায় এসেছে সালমান শাহর মৃত্যুর ঘটনা। তিন দশক পর মামলাটিতে নতুন করে আইনি তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে মামলার একজন আসামি গ্রেপ্তারও হয়েছেন।
এমন আলোচনার মধ্যেই সালমান শাহকে কীভাবে দেখেন এমন প্রশ্নের জবাবে কালের কণ্ঠকে অপূর্ব বলেন, ‘উনি এত সুদর্শন ছিলেন, মনে রাখার মতো এবং প্রজন্মের পর প্রজন্ম ধারণ করে রাখার মতো একজন ছিলেন সালমান শাহ। উনি ছিলেন স্টাইল আইকন। এখনো যদি কেউ তার অর্ধেকও ক্যারি করতে পারে, মানুষ ওই মানুষটাকে বলে স্টাইলিশ। সেই ধরনের অরা ছিল সালমান শাহর মধ্যে।’
অপূর্বর মতে, প্রজন্মের পর প্রজন্ম সালমান শাহর সেই স্টাইল ও অরাকে ধারণ করে আসছে, ভবিষ্যতেও করবে। আর এটিই প্রমাণ করে, তিনি কত বড় মাপের শিল্পী ছিলেন।
‘বুকের মধ্যে আগুন’ সিরিজে সালমান শাহর জীবনের নানা অধ্যায় উঠে এসেছিল। সেই গল্প ও চরিত্রের সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা অপূর্বর ক্যারিয়ারেও আলাদা একটি অধ্যায় হয়ে আছে।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে মারা যান ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছিল অপূরণীয় শূন্যতা। তিন দশক পেরিয়ে গেলেও দর্শকের হৃদয়ে আজও অমলিন এই তারকা।