জিয়াউল ফারুক অপূর্ব এবার নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন দর্শকদের সামনে। অভিনয়ের পাশাপাশি নিজের সংগীতপ্রেমকে মঞ্চে তুলে ধরতে আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। ড্রিমবক্স এন্টারটেইনমেন্টের আয়োজনে অনুষ্ঠিত এই কনসার্টে প্রায় দুই ঘণ্টা ধরে গান পরিবেশন করবেন জনপ্রিয় এই অভিনেতা। অনুষ্ঠানে তিনি তার পছন্দের শিল্পীদের শ্রোতাপ্রিয় ১০টি গান পরিবেশন করার পাশাপাশি নিজের অভিনীত নাটকের গাওয়া কিছু গানও শোনাতে পারেন বলে জানিয়েছেন।
কনসার্ট ঘোষণার পর অল্প সময়ের মধ্যেই দর্শকদের ব্যাপক সাড়া পেয়ে আবেগাপ্লুত হয়েছেন অপূর্ব। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে যে পরিমাণ ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তা তার প্রত্যাশারও বাইরে ছিল। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই ভালোবাসাই তার যাত্রাকে আরও বিশেষ করে তুলেছে।
যুক্তরাষ্ট্র থেকে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অপূর্ব বলেন, অভিনয়ের পাশাপাশি গান গাওয়া সবসময়ই তার ভীষণ পছন্দের। বন্ধুদের আড্ডা, ঘরোয়া আয়োজন কিংবা বিশেষ অনুষ্ঠানে তিনি বিভিন্ন সময় গান গেয়েছেন। তার অভিনীত বেশ কয়েকটি নাটকেও নিজের কণ্ঠে গান রয়েছে। নিউইয়র্কের এই আয়োজনে তিনি প্রিয় শিল্পীদের গান পরিবেশনের পাশাপাশি নিজের গাওয়া নাটকের একটি গানও গাইতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।
এই আয়োজনকে শিল্পীদের জন্য ইতিবাচক একটি উদ্যোগ হিসেবে দেখছেন অপূর্ব। তিনি মনে করেন, আয়োজকেরা ভবিষ্যতেও অন্য শিল্পীদের যথাযথ সম্মান দিয়ে এমন আয়োজন অব্যাহত রাখবেন। একই সঙ্গে এমন একটি অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
জানা গেছে, কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ডলার ও ৩০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৩০০ টাকা এবং ৩৭ হাজার টাকা। আয়োজকদের মতে, আসনসংখ্যা সীমিত হওয়ায় টিকিটের চাহিদাও বেশ ভালো।
উল্লেখ্য, কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অপূর্ব। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাওয়া ‘হেডলাইন’ ওয়েব সিরিজে সাংবাদিক জহির চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। ছোটবেলায় প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করলেও গান ও অভিনয়ের প্রতি আগ্রহই শেষ পর্যন্ত তাকে বিনোদন জগতে নিয়ে আসে। দুই দশকেরও বেশি সময় ধরে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে দর্শকদের ভালোবাসা পেয়ে আসছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে স্ত্রী ও সন্তানকে সময় দেওয়ার পাশাপাশি নতুন এই সংগীতযাত্রার প্রস্তুতিও নিচ্ছেন।