সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতা রায়হান রাফী ও অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর একটি সেলফি ঘিরে শুরু হয়েছিল নতুন জল্পনা। চাউর হয়েছিল, রাফীর হাত ধরেই বড় পর্দায় ফিরছেন ‘বড় ছেলে’ খ্যাত অভিনেতা অপূর্ব; আর তাঁর বিপরীতে দেখা যাবে নতুন লাক্স সুপারস্টার বিদূষী বর্ণিতাকে। তবে এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন রাফী।
কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে রায়হান রাফী জানান, ইন্টারনেটে ছড়ানো খবরের কোনো সত্যতা নেই। অপূর্বের মতো অভিনেতাকে নিয়ে কাজ করার ইচ্ছা থাকলেও সেটি হুট করে সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
রায়হান রাফী বলেন:
“খবরটি সত্য নয়, ভুয়া। আমি অপূর্ব ভাইকে নিয়ে কোনো সিনেমা করছি না। ওনাকে নিয়ে সিনেমা করতে গেলে হুট করে হবে না। প্রপার গল্প, প্ল্যান করে সময় নিয়ে এরপর কিছু একটা করতে হবে। ইচ্ছা আছে ওনাকে নিয়ে একটা সিনেমা করার।”
নতুন মুখ বিদূষী বর্ণিতা প্রসঙ্গে এই নির্মাতা জানান, তাঁকে নিয়ে সিনেমা করার ঘোষণা তিনি দিলেও সেটির কাজ এখনই শুরু হচ্ছে না। এছাড়া আসছে ঈদুল আজহায় নতুন কোনো সিনেমা মুক্তির খবরও নাকচ করে দিয়েছেন রাফী।
পরিচালক স্পষ্ট করে বলেন:
“এখন পর্যন্ত এ রকম কোনো প্ল্যান নেই (ঈদে সিনেমা)। ঈদের সময়ে দেশের বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে।”
ফলে অপূর্বর ভক্তদের বড় পর্দার জন্য আরও কিছুকাল অপেক্ষা করতে হচ্ছে। আপাতত রায়হান রাফীর সঙ্গে তাঁর কোনো প্রজেক্ট চূড়ান্ত হয়নি।