তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের শেষ নেই। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, অভিনয়শিল্পী আরশ খান ও সুনেরাহ বিনতে কামালের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। যদিও এ বিষয়ে দুজনই বারবার বলে আসছেন, তাঁরা শুধুই সহকর্মী ও ভালো বন্ধু, এর বেশি কিছু নয়। তবু একসঙ্গে ছবি বা কাজ সামনে এলেই নতুন করে আলোচনা শুরু হয়।
সম্প্রতি আরশ খানের একটি ছবি ঘিরে সেই গুঞ্জন আবারও তুঙ্গে। ছবিটিতে বিয়ের আসরের সাজে দেখা যাচ্ছে আরশ খান ও সুনেরাহ বিনতে কামালকে। বর হিসেবে আছেন আরশ, আর বধূর সাজে সুনেরাহ। ছবিটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আরশ শুধু লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ এই এক লাইনের ক্যাপশনই যথেষ্ট ছিল ভক্তদের মধ্যে জল্পনা ছড়িয়ে দিতে।
অনেক নেটিজেনই ধরে নিয়েছেন, দুজন সত্যিই বিয়ে করেছেন। মন্তব্যের ঘরে ভরে উঠেছে অভিনন্দন ও শুভকামনার বার্তায়। কেউ লিখেছেন, ‘নির্বাচনের আগেই কাজটা সেরে ফেললেন, অভিনন্দন।’ আবার কেউ কেউ বিষয়টি নিয়ে দ্বিধা প্রকাশ করেছেন। তাঁদের প্রশ্ন, সত্যিই কি বিয়ে করেছেন আরশ ও সুনেরাহ, নাকি এটি কোনো অভিনয়ের অংশ?
ভক্তদের একটি বড় অংশ মনে করছেন, ছবিটি কোনো নাটক বা প্রজেক্টের দৃশ্য হতে পারে। কারণ এখন পর্যন্ত আরশ খান নিজেও স্পষ্ট করে কিছু নিশ্চিত করেননি।
মঞ্চ ও টেলিভিশন মিলিয়ে আরশ খানের ক্যারিয়ার এক যুগেরও বেশি সময়ের। এই সময়ে তিনি একাধিক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। তবে গত এক বছরে তিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন সুনেরাহ বিনতে কামালের সঙ্গে কাজ করে। এই জুটি থেকেই তাঁদের মধ্যে গড়ে উঠেছে ঘনিষ্ঠ বন্ধুত্ব।
এর আগেও গত ডিসেম্বরে একসঙ্গে একটি রোমান্টিক ছবি পোস্ট করেছিলেন সুনেরাহ। তখনও শুরু হয়েছিল একই ধরনের গুঞ্জন। সেই পোস্টে অভিনেতা ইরফান সাজ্জাদসহ অনেকেই অভিনন্দন জানিয়েছিলেন।
সব মিলিয়ে বিয়ে নাকি নাটকের দৃশ্য, সে রহস্য এখনো কাটেনি। তবে আরশ ও সুনেরাহকে ঘিরে দর্শকের আগ্রহ যে আগের চেয়ে অনেক বেশি, তা বলাই যায়।