বন্যার পানি কমে গেলেও এর প্রভাব দীর্ঘদিন ধরে মানুষের জীবনে থেকে যায় বলে মন্তব্য করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তার মতে, বন্যার পানি সরে যাওয়ার পরই শুরু হয় আরেকটি নীরব সংকট, যখন দূষিত পানির কারণে ডায়রিয়া, জ্বর, চর্মরোগসহ বিভিন্ন সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।

স্পর্শিয়া বলেন, এ সময় বিশুদ্ধ পানি পান করা, খাবার সঠিকভাবে সংরক্ষণ করা এবং ব্যক্তিগত ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। একই সঙ্গে তিনি সবাইকে নিজেদের পাশাপাশি আশপাশের মানুষদেরও সচেতন করার আহ্বান জানান, যাতে স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনা সম্ভব হয়।

দুর্যোগকালে সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষের প্রতি বিশেষ নজর দেওয়ার কথাও উল্লেখ করেন এই অভিনেত্রী। তার মতে, ঘরের বয়স্ক সদস্য, গর্ভবতী নারী, শিশু এবং অসুস্থ ব্যক্তিদের জন্য এমন পরিস্থিতি আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে। তাই তাদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

মানুষের পাশাপাশি গৃহপালিত ও পথপ্রাণীদের প্রতিও সহমর্মিতা দেখানোর আহ্বান জানিয়েছেন স্পর্শিয়া। তিনি বলেন, দুর্যোগের সময়ে প্রাণীরাও ভয়, ক্ষুধা ও আশ্রয়হীনতার শিকার হয়। তাই যার যতটুকু সামর্থ্য আছে, সে অনুযায়ী তাদের জন্য শুকনো আশ্রয় কিংবা খাবারের ব্যবস্থা করলে অনেক প্রাণ রক্ষা করা সম্ভব।

পোস্টের শেষাংশে স্পর্শিয়া উল্লেখ করেন, এমন দুর্যোগ মোকাবিলায় শুধু আর্থিক সহায়তাই যথেষ্ট নয়; প্রয়োজন দায়িত্ববোধ, সচেতনতা এবং একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা। তার মতে, একটি দেশের প্রকৃত শক্তি বড় বড় স্থাপনায় নয়, বরং সংকটের সময় মানুষের মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার মধ্যেই প্রতিফলিত হয়।