সম্প্রতি পরপর দুটি আন্তর্জাতিক উৎসবে পুরস্কার অর্জন করেছে নূরুল আলম আতিক পরিচালিত চলচ্চিত্র ‘মানুষের বাগান’। ছবিটির অন্যতম অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া এই অর্জনকে পুরো টিমের জন্য বড় গর্বের বিষয় বলে মনে করেন। তার ভাষায়, একজন শিল্পীর কাছে প্রতিটি কাজই সন্তানের মতো। দীর্ঘদিন আটকে থাকার পর যখন একটি কাজ দর্শকের সামনে আসে, প্রশংসা পায় এবং আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি অর্জন করে, তখন সেটি নিঃসন্দেহে আনন্দের এবং প্রত্যাশা পূরণের মুহূর্ত।

‘মানুষের বাগান’ প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ছবির নামের মধ্যেই এর গল্পের ইঙ্গিত রয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবন, অনুভূতি এবং সম্পর্কের সমন্বয়ে গড়ে ওঠা এক মানবিক জগতের গল্প তুলে ধরা হয়েছে এতে। তার মতে, অসংখ্য মানুষের জীবনগাঁথা মিলেই তৈরি হয় এক বিশাল ‘মানুষের বাগান’, আর সেটিই মূলত জীবনের প্রতিচ্ছবি।

নির্মাতা নূরুল আলম আতিকের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন স্পর্শিয়া। তিনি জানান, ক্যারিয়ারের শুরু থেকেই আতিকের পরিচালনায় কাজ করার ইচ্ছা ছিল তার। দীর্ঘ প্রতীক্ষার পর সেই সুযোগ পাওয়াকে তিনি নিজের সৌভাগ্য বলে মনে করেন। শুধু একজন দক্ষ নির্মাতা হিসেবেই নয়, মানুষ হিসেবেও আতিককে অসাধারণ বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে নির্মাতার পরিবারে সঙ্গে তার ঘনিষ্ঠ ও আন্তরিক সম্পর্ক গড়ে ওঠার কথাও জানান এই অভিনেত্রী।

গেল ঈদে প্রচারিত ‘দ্য ফ্যামিলি’ নাটকটির দর্শকপ্রিয়তা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন স্পর্শিয়া। নাটকটির ভিউ ইতোমধ্যে কোটি ছাড়িয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, একজন শিল্পীর জন্য নিজের কাজ দর্শকের ভালোবাসা পাওয়া অনেক বড় প্রাপ্তি। তার মতে, পারিবারিক গল্প সবসময়ই দর্শকের হৃদয়ের কাছাকাছি থাকে। বিশ্বজুড়েই পারিবারিক গল্পভিত্তিক নাটক বা চলচ্চিত্রের আবেদন কখনো কমে না, কারণ মানুষ নিজের জীবনের প্রতিফলন এসব গল্পে খুঁজে পায়।

সহশিল্পী ইরফান সাজ্জাদের সঙ্গে দীর্ঘদিন পর কাজ করার অভিজ্ঞতা সম্পর্কেও কথা বলেন স্পর্শিয়া। তিনি জানান, প্রায় এক দশক পর তাদের একসঙ্গে কাজ হয়েছে। ইরফানকে তিনি একজন ভালো মানুষ এবং পেশাদার শিল্পী হিসেবে মূল্যায়ন করেন। স্পর্শিয়ার মতে, একজন অভিনেতার ভালো অভিনয়ের পাশাপাশি ভালো মানুষ হওয়াটাও সমান গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, শুটিং সেটে সবার সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ ও পেশাদার সম্পর্ক থাকলেও ব্যক্তিগত জীবন খুবই সাধারণ। কাজ শেষ করে তিনি সরাসরি বাসায় ফিরে যান এবং নিজের জগতকে কাজ ও পরিবারেই সীমাবদ্ধ রাখেন।

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে তিনি সরে যাচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে স্পষ্ট বক্তব্য দেন স্পর্শিয়া। তিনি বলেন, সিরিজটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তিনি এবং দর্শক সামনে আরও অনেক পর্বে তাকে দেখতে পাবেন। বিশেষ করে চলমান পঞ্চম সিজন আরও কয়েক মাস চলবে বলে জানান তিনি। পাশাপাশি ‘চ্যাপ্টার ১৩’-এর নতুন পর্বগুলোতেও তার উপস্থিতি থাকবে বলে নিশ্চিত করেন।

তবে নতুন সিনেমা নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্পর্শিয়া। ভবিষ্যতে নতুন চলচ্চিত্রে যুক্ত হলে সেটি তিনি নিজেই সবাইকে জানাবেন বলে উল্লেখ করেন।