ঈদে মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে মাসুদ হাসান উজ্জ্বলের নির্মিত চলচ্চিত্র ‘বনলতা সেন’। জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতাকে কেন্দ্র করে নির্মিত এই ছবিটি দর্শকদের মধ্যে ভিন্ন এক অভিজ্ঞতা তৈরি করেছে বলে মত দিয়েছেন অনেকে। এবার সেই প্রশংসার মিছিলে যুক্ত হলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
সোমবার নিজের প্রতিক্রিয়ায় স্পর্শিয়া জানান, সব চলচ্চিত্র বা সব গান সবার জন্য নয়। তার মতে, ‘বনলতা সেন’ এমন একটি কাজ যা কিছু দর্শকের কাছে গভীরভাবে গ্রহণযোগ্য হবে, আবার কারও কাছে নাও হতে পারে। তবে ইতিহাসে ছবিটি জায়গা করে নেবে বলে তিনি বিশ্বাস করেন।
অভিনেত্রী জানান, তিনি সম্প্রতি ছবিটি দেখেছেন এবং বিশেষভাবে প্রশংসা করেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নাবিলাকে। তার মতে, বনলতা সেন চরিত্রে নাবিলাকে খুবই মানানসই লেগেছে এবং তার উপস্থাপন ছিল স্বাভাবিক ও নান্দনিক।
সহ-অভিনেতা সোহেল মণ্ডলের কাজের প্রশংসা করতে গিয়ে স্পর্শিয়া জীবনানন্দ দাশের কবিতার একটি পঙক্তিও উল্লেখ করেন। তার ভাষায়, ছবির শেষ দৃশ্যগুলোতে সোহেল মণ্ডল এমন এক আবেগ তৈরি করেছেন যা দর্শকের মনে দীর্ঘ সময় ধরে থেকে যায়।
সবচেয়ে আবেগঘন মন্তব্য আসে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করা খায়রুল বাসারকে নিয়ে। স্পর্শিয়া বলেন, এই সময়ের মধ্যে জীবনানন্দকে পর্দায় ধারণ করা সহজ নয়, কিন্তু বাসার তার কণ্ঠ, চোখের অভিব্যক্তি ও সংযত অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে জীবন্ত করেছেন।
তিনি আরও বলেন, দর্শক ও সমালোচকের বাইরে একজন সাধারণ দর্শক হিসেবেই তিনি তার অনুভূতি প্রকাশ করেছেন। তার মতে, পুরো টিমের আন্তরিক প্রচেষ্টাই ছবিটিকে আলাদা মাত্রা দিয়েছে।
উল্লেখ্য, ‘বনলতা সেন’ বর্তমানে দেশের কয়েকটি মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে, যার মধ্যে রয়েছে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস এবং কে স্ক্রিন।