আন্তর্জাতিক অঙ্গনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। শিগগিরই মুক্তি পাচ্ছে তার অভিনীত ভারতীয় ওয়েব সিরিজ জাজ সিটি। ইতোমধ্যে সিরিজটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে এবং জোর প্রচারণা চলছে।
প্রচারণার অংশ হিসেবে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন শুভ। সেখানে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কাজ, সহশিল্পী ও নিজের ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন।
নতুন সিরিজ প্রসঙ্গে শুভ জানান, জটিল বা ভারি বিষয়কে বিনোদনের আবরণে উপস্থাপন করা সহজ নয়। তার ভাষায়, পরিচালক সৌমিক সেন কৌতুক, ব্যঙ্গ ও বুদ্ধিদীপ্ত সংলাপের মাধ্যমে বিষয়টিকে দর্শকের জন্য গ্রহণযোগ্য করে তুলেছেন।
সিরিজে ‘জিমি রায়’ চরিত্রে অভিনয় করেছেন শুভ। এটি একটি ভারতীয় চরিত্র এবং কাজের প্রয়োজনে তাকে একাধিক ভাষায় সংলাপ বলতে হয়েছে। অডিশন প্রসঙ্গে তিনি বলেন, নিজেকে তিনি বিশ্বনাগরিক ভাবতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন; কাজের ক্ষেত্রে ভৌগোলিক পরিচয়কে বাধা মনে করেন না।
সহশিল্পী সৌরসেনী মৈত্র-র সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন শুভ। তাদের মধ্যে আগে থেকেই পরিচয় থাকলেও দীর্ঘ সময় একসঙ্গে শুটিং করার ফলে পারস্পরিক বোঝাপড়া আরও মজবুত হয়েছে বলে জানান তিনি।
দুই বাংলায় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নির্দিষ্ট কিছু না বললেও কলকাতার প্রতি তার বিশেষ টানের কথা উল্লেখ করেন। তার স্পষ্ট বক্তব্য, কলকাতা ডাকলেই তিনি কাজ করতে প্রস্তুত।
এদিকে সম্প্রতি ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে শুভকে বেশ আধুনিক ও স্টাইলিশ লুকে দেখা গেছে। গাঢ় সবুজ স্যাটিন স্যুট ও সানগ্লাস পরে ‘জাজ সিটি’র প্রচারণা অনুষ্ঠানে হাজির হন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিরিজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং পরিচালক, প্রযোজক ও সহশিল্পীদের সঙ্গে দেখা হওয়াকে তিনি এক ধরনের পুনর্মিলনী হিসেবেই বর্ণনা করেন।