সংগীতজীবনের ২০ বছর পূর্তি উপলক্ষে বড় আয়োজন নিয়ে ফিরছেন অরিজিৎ সিং। ২০২৭ সালে ভারতের নয়টি শহরে কনসার্ট করবেন জনপ্রিয় এই গায়ক। জানুয়ারি থেকে মে পর্যন্ত চলবে তার বিশেষ এই সফর, যা এখন পর্যন্ত অরিজিতের সবচেয়ে বড় ভারত সফর হতে যাচ্ছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ৯ জানুয়ারি আহমেদাবাদে কনসার্টের মধ্য দিয়ে সফর শুরু করবেন অরিজিৎ। এরপর ২৩ জানুয়ারি চণ্ডীগড়, ৭ ফেব্রুয়ারি জয়পুর, ২০ ফেব্রুয়ারি মুম্বাই, ১৩ মার্চ বেঙ্গালুরু এবং ২৭ মার্চ নয়াদিল্লিতে পারফর্ম করবেন তিনি। সফরের শেষ পর্বে ১০ এপ্রিল পুনে, ১ মে ইন্দোর এবং ১৫ মে হায়দরাবাদে গান শোনাবেন এই গায়ক।
কনসার্টগুলোতে অরিজিতের জনপ্রিয় গান ‘তুম হি হো’, ‘আগর তুম সাথ হো’ ও ‘বিদা করো’-সহ আরও বেশ কিছু গান পরিবেশনের কথা রয়েছে। ফলে দীর্ঘদিনের জনপ্রিয় গানগুলো সরাসরি মঞ্চে শোনার সুযোগ পাবেন ভক্তরা।
নিজের ২০ বছরের সংগীতযাত্রা নিয়ে অরিজিৎ জানিয়েছেন, এই সময়টা তার কাছে কৃতজ্ঞতার দীর্ঘ এক পথচলা। তার মতে, এই যাত্রার সবচেয়ে বড় প্রাপ্তি শ্রোতারা, যারা তার গানকে নিজেদের মতো করে ভালোবেসেছেন।
টিম ইনোভেশনের প্রযোজনা ও প্রচারণায় আয়োজিত হবে কনসার্টগুলো। টিকিট বিক্রি হবে শুধু থাম্পএনের মাধ্যমে। বড় পরিসরের স্টেডিয়াম কনসার্ট হিসেবে অনুষ্ঠানগুলো সাজানো হচ্ছে বলে জানিয়েছে আয়োজকরা।
কনসার্টের মঞ্চেও থাকছে বিশেষ আয়োজন। মাল্টি-লেভেল মঞ্চ ও লম্বা রানওয়ের পাশাপাশি থাকবে ৩৬০ ডিগ্রি স্পেশাল অডিও, বড় প্যানোরামিক স্ক্রিন, কাইনেটিক এলইডি, লেজার শো ও আতশবাজি। ফলে শুধু গান নয়, বড় পরিসরের ভিজ্যুয়াল অভিজ্ঞতাও দিতে চান আয়োজকরা।
২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ রিয়েলিটি শোতে অংশ নেওয়ার মাধ্যমে পরিচিতি পান অরিজিৎ সিং। এরপর হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হন তিনি। ‘গেরুয়া’, ‘চান্না মেরেয়া’, ‘কেসারিয়া’, ‘আপনা বনা লে’, ‘চালেয়া’, ‘সাজনি’ ও ‘ঘেহরা হুয়া’র মতো গান তার ক্যারিয়ারে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে।
এর আগে ২০২৬ সালের জানুয়ারিতে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন অরিজিৎ। এবার সংগীতজীবনের ২০ বছর উদ্যাপন উপলক্ষে বড় পরিসরে সরাসরি মঞ্চে ফিরছেন তিনি।