নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এর প্রথম গান ‘জয় জয় রাম’ গাওয়ার অভিজ্ঞতায় এক অনন্য রেকর্ড গড়ার তথ্য সামনে এসেছে। গানটি গাইতে গিয়ে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং প্রায় ২০০টি টেক নিয়েছেন। 

প্রতিবেদনে এক সূত্রের বরাত দিয়ে জানানো হয়, গানটি রেকর্ডিংয়ের সময় অরিজিৎ এর ভক্তি ও আবেগে এতটাই নিমগ্ন হয়ে পড়েছিলেন যে প্রায় ২০০টি টেক দিয়ে ফেলেন। তিনি গানের প্রতিটি টেক-এ এর অনুভূতির গভীরতা খুঁজে ফেরেন এবং ভক্তির সাগরে এতটাই ডুবে যান যে কাজটি শেষই করতে চাইছিলেন না। কারিগরি বিষয় বা টেকনিক্যালিটি ভুলে সম্পূর্ণ গানের আবেগে নিজেকে সমর্পণ করেছিলেন এই শিল্পী।

এ আর রহমানের সুরে ও শ্রেয়া ঘোষালের সহ-কণ্ঠে গাওয়া এই গানটির সুর ও শব্দে রামায়ণের মহিমান্বিত জগতের এক ঝলক দেখতে পেয়েছেন ভক্তরা। নামিত মালহোত্রা প্রযোজিত এই চলচ্চিত্রে রাম চরিত্রে রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী, রাবণ চরিত্রে ইয়াশ, লক্ষ্মণ চরিত্রে রবি দুবে এবং হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করেছেন। প্রথম পর্বটি ২০২৬ সালের ৬ নভেম্বর দিওয়ালি উপলক্ষে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।