বাবাকে হারিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে বাবার মৃত্যুর খবর জানান তিনি।

বাবার মৃত্যুর খবর জানিয়ে সালমা লেখেন, ‘আমার আব্বা আর নেই।’

সালমার বাবার নাম ফজলুল হক। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে তার মৃত্যুর কারণ এবং জানাজা ও দাফনের সময়-স্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

এদিকে, সংগীতাঙ্গনে ব্যস্ত সময় পার করছিলেন সালমা। সম্প্রতি ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী বিপ্লব সাহার সঙ্গে দ্বৈত কণ্ঠে প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘প্রেম লীলা’। লোকজ ঐতিহ্য ও প্রেমের আবহে নির্মিত গানটির মিউজিক ভিডিওও প্রকাশিত হয়েছে।

এর আগে সাময়িক বিরতির পর আবারও রেকর্ডিংয়ে ফিরেছিলেন সালমা। গুরু শফি মণ্ডলের কথা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ শিরোনামের একটি গান রেকর্ড করেন তিনি।

গানটি আসন্ন দুর্গাপূজায় প্রকাশের কথা রয়েছে। সংগীত নিয়ে ব্যস্ততার মধ্যেই বাবাকে হারানোর বেদনায় এখন শোকাহত এই শিল্পী।