কয়েক মাস আগেই নতুন প্লেব্যাক গান না গাওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন অরিজিৎ সিং। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আবারও বলিউডের সিনেমায় কণ্ঠ দিচ্ছেন ভারতের অন্যতম জনপ্রিয় এই সংগীতশিল্পী। তাঁর নতুন গান শোনা যাবে বহুল আলোচিত সিনেমা ‘আওয়ারাপন ২’-এ।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সিনেমাটির প্রথম গান ‘ইয়ে আওয়ারাপন’-এ কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। গানটির সুর করেছেন আমাল মালিক এবং কথা লিখেছেন গীতিকার জুটি রশ্মি-বিরাগ। আগামী ২১ জুলাই বিভিন্ন ডিজিটাল ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
সিনেমাটির সৃজনশীল পরিচালক বিশেষ ভাটের মতে, প্রথম গানটির মাধ্যমে ছবির মূল আবেগ দর্শকের কাছে পৌঁছে দিতে চেয়েছেন তারা। ‘আওয়ারাপন ২’-এ ইমরান হাশমি অভিনীত ‘শিবাম পাণ্ডিত’ চরিত্রের অনুভূতি ও মানসিক যাত্রাকে তুলে ধরতে অরিজিৎ সিংয়ের কণ্ঠকেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে নির্মাতাদের।
অরিজিৎ সিং ও বিশেষ ফিল্মসের সম্পর্কও দীর্ঘদিনের। ‘মার্ডার ২’ সিনেমার ‘ফির মাহাব্বাত’ গান দিয়ে শুরু হওয়া এই যাত্রায় তারা একসঙ্গে উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান। এর মধ্যে রয়েছে ‘আশিকি ২’-এর ‘তুম হি হো’, ‘সিটিলাইটস’-এর ‘মুস্কুরানে’, ‘খামোশিয়ান’, ‘হামারি আধুরি কাহানি’ এবং ‘জালেবি’ সিনেমার আলোচিত গান ‘পাল’। এসব গান অরিজিতের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেও বিবেচিত হয়।
‘আওয়ারাপন ২’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুরেন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি ও অতুল কুমার। ছবিটি পরিচালনা করেছেন নীতিন কক্কর এবং প্রযোজনা করছেন বিশেষ ভাট। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অরিজিৎ সিং জানিয়েছিলেন, তিনি আর নতুন কোনো প্লেব্যাক গানে কণ্ঠ দেবেন না। সেই ঘোষণার পর ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। তবে কয়েক মাসের মধ্যেই ‘আওয়ারাপন ২’-এর মাধ্যমে তাঁর প্রত্যাবর্তনের খবর সংগীতপ্রেমীদের মধ্যে নতুন উচ্ছ্বাস তৈরি করেছে।v