সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আশা ভোসলে, চলছে জরুরি চিকিৎসা
ভারতীয় সংগীতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ৯২ বছর বয়সী এই শিল্পীর কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ায় তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস ইউনিটে তাঁর চিকিৎসা চলছে এবং তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি জানিয়েছেন, শনিবার এই কিংবদন্তি শিল্পীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপরই তাঁকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

এদিকে আশা ভোসলের নাতনি জানাই ভোসলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আশ্বস্ত করে লিখেছেন:

“আমার দাদি আশা ভোসলে অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে অনুরোধ করছি। তার চিকিৎসা চলছে এবং আশা করছি সবকিছু ভালো হবে। আমরা শিগগিরই ইতিবাচক খবর জানাব।”

আট দশকের দীর্ঘ ক্যারিয়ারে আশা ভোসলে ভারতীয় সংগীতের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন। শাস্ত্রীয় সংগীত থেকে শুরু করে পপ, গজল ও লোকসংগীতে তাঁর পদচারণা তাঁকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। ভারতীয় সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি ‘দাদাসাহেব ফালকে’ ও ‘পদ্মবিভূষণ’-এর মতো সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হয়েছেন। এই কালজয়ী কণ্ঠশিল্পীর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন বিশ্বজুড়ে থাকা তাঁর কোটি কোটি ভক্ত।