উপমহাদেশের সংগীতজগতের কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে সুরের জগতে তৈরি হয়েছে এক অপূরণীয় শূন্যতা। তবে তার কালজয়ী কণ্ঠ ও অসামান্য সৃষ্টিকে নতুন করে উদ্যাপন করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। এই বিশেষ সংগীত প্রকল্পে তার সঙ্গে যুক্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে প্রজেক্টটির কথা নিজেই জানিয়েছেন এ আর রহমান। সেখানে তিনি কিংবদন্তি শিল্পীর স্মরণে নির্মিত মিউজিক ভিডিওতে অংশ নেওয়ার জন্য শাহরুখ খানকে ধন্যবাদ জানান। আশার স্মৃতির প্রতি ভালোবাসার এই আয়োজনে শাহরুখের যুক্ত হওয়ায় পুরো বিষয়টি আরও বিশেষ হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রজেক্টটির পরিকল্পনা মূলত আশা ভোঁসলের জীবদ্দশাতেই করা হয়েছিল। পরিকল্পনা ছিল, গানটি সরাসরি আশা ভোঁসলের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু শিল্পীর প্রয়াণের কারণে সেই ইচ্ছা আর পূরণ হয়নি।
ইতোমধ্যে প্রকাশিত টিজারে প্রয়াত এই সুরসম্রাজ্ঞীর স্মৃতিবিজড়িত বিভিন্ন দৃশ্য দেখা গেছে। টিজারটি দর্শকদের মধ্যেও আবেগ তৈরি করেছে। পুরো গানটিতে শাহরুখ খানের পাশাপাশি ভারতের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন সংগীতশিল্পী কণ্ঠ দিয়েছেন।
এ ছাড়া গানটিতে আশা ভোঁসলের নিজের কণ্ঠে রেকর্ড করা কিছু বিশেষ অংশও রাখা হয়েছে। ফলে কিংবদন্তি শিল্পীর কণ্ঠের সঙ্গে নতুন প্রজন্মের শিল্পীদের পরিবেশনা মিলিয়ে এটি হয়ে উঠতে যাচ্ছে তার প্রতি এক বিশেষ শ্রদ্ধার্ঘ্য।
খুব শিগগিরই পুরো গানটি প্রকাশ করা হবে। আশা ভোঁসলের স্মৃতিকে ঘিরে এ আর রহমান ও শাহরুখ খানের এই বিশেষ উদ্যোগ ইতোমধ্যেই সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।