বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’-এর শ্রোতাদের জন্য আজ এক বিশেষ দিন। দীর্ঘ ১০ বছরেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় ব্যান্ডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত গান ‘ফেরিওয়ালা’। ২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির মাত্র দুটি লাইন শেয়ার করার পর থেকেই এটি নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছিল প্রবল কৌতূহল। ২০১৯ সালে গানটির একটি ডেমো সংস্করণ প্রকাশের পর সেই উন্মাদনা আরও বহুগুণ বেড়ে যায়।
‘ফেরিওয়ালা’ গানটিকে ঘিরে ইউটিউবের মন্তব্য ঘরে গত কয়েক বছরে জমা হয়েছে শত শত আবেগঘন বার্তা। কেউ লিখেছেন চার-পাঁচ বছর ধরে গানটির পূর্ণাঙ্গ রূপ শোনার অপেক্ষায় আছেন, আবার কেউ লিখেছেন প্রিয় বন্ধুর সাথে গানটি শোনার স্মৃতি, যে বন্ধুটি গানটি প্রকাশের আগেই না ফেরার দেশে চলে গেছেন। শ্রোতাদের এই দীর্ঘ প্রতীক্ষা এবং গানের প্রতি গভীর ভালোবাসার কথা মাথায় রেখেই অবশেষে গানটি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ব্যান্ডটি।
অ্যাশেজ-এর ‘বিভ্রম’ অ্যালবামের চতুর্থ ট্র্যাক হিসেবে থাকছে এই ‘ফেরিওয়ালা’। গানটির কথা ও সুর করেছেন ব্যান্ডের ভোকাল এবং দলনেতা জুনায়েদ ইভান। গানটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে কানাডা এবং রাঙামাটির কাপ্তাই লেকের মনোরম সব লোকেশনে। জুনায়েদ ইভান প্রথম আলোকে জানান, গানটি অনেক পুরনো হলেও নতুন করে রেকর্ড করা হয়েছে। দীর্ঘ সময় পর গানটি মুক্তি দিতে পেরে এবং শ্রোতাদের আবেগ ও ভালোবাসার প্রতি সম্মান জানাতে পেরে পুরো ব্যান্ড দল অত্যন্ত আনন্দিত।