বাবার পরিচালনায় প্রথমবার অভিনয় এবং নিজের অভিনীত ছবি মুক্তির অপেক্ষায় থাকায় দারুণ আবেগাপ্লুত জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে দেশভাগ ও ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ‘যাপিত জীবন’ সিনেমাটি আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির আগে নিজের ও পুরো টিমের জন্য দর্শকদের কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

আজ ১৮ নভেম্বর রাজধানীর উত্তরায় স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় ছবিটির বিশেষ প্রিমিয়ার ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত এই সিনেমায় ভাবনার পাশাপাশি আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, রওনক হাসান, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ, ডলি জহুর, কাজী হায়াৎ, গাজী রাকায়েত ও আজাদ আবুল কালাম। এর মাধ্যমে বড় পর্দায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী।