বলিউডের জনপ্রিয় খল অভিনেতা মুকেশ ঋষি এখন ঢাকায়। এমডি ইকবালের পরিচালনায় নির্মিতব্য ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বুধবার (১৮ নভেম্বর) মুম্বাই থেকে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে ফুল দিয়ে তাকে স্বাগত জানান সিনেমাটির প্রযোজক।
আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে ‘নসিব’। সিনেমাটিতে খলচরিত্রে দেখা যাবে মুকেশ ঋষিকে। শুটিংয়ের প্রয়োজনে উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে যাওয়ার কথা রয়েছে তার।
নব্বইয়ের দশক থেকেই বলিউডে খলনায়ক হিসেবে নিজের শক্ত অবস্থান তৈরি করেন মুকেশ ঋষি। শক্তিশালী শারীরিক গঠন, গম্ভীর কণ্ঠস্বর এবং পর্দায় ভয়ংকর উপস্থিতির মাধ্যমে দর্শকদের কাছে আলাদা পরিচিতি পেয়েছেন তিনি।
তবে শুধু হিন্দি সিনেমাতেই সীমাবদ্ধ থাকেননি এই অভিনেতা। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।
অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ ঋষি। অন্যদিকে, সালমান খানের সঙ্গে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’।
এ ছাড়া আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি। ‘গুন্ডা’ সিনেমার বুল্লা চরিত্রের মাধ্যমেও দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পান এই অভিনেতা।