রাশিয়ার রাজধানীতে জমে উঠেছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিশ্বের মর্যাদাপূর্ণ এই আয়োজনের লাল গালিচায় হেঁটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা

মস্কোর রসিয়া থিয়েটারে আয়োজিত এই উৎসবে অংশ নিয়ে দারুণ উচ্ছ্বসিত ভাবনা। বিশেষ করে নিজের অভিনীত সিনেমা নির্বাচিত হওয়ায় আনন্দ যেন আরও বেড়েছে তার।

রেড কার্পেটে উপস্থিত হওয়ার সময় বিদেশি ব্র্যান্ডের বদলে দেশীয় ঐতিহ্যকেই প্রাধান্য দিয়েছেন তিনি। ডিজাইনার তন্বী কবির–এর নকশা করা একটি ওভারকোট পরে হাজির হয়ে দেশের পোশাকশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরার চেষ্টা করেন ভাবনা। তার এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

এবারের উৎসবে বাংলাদেশের দুটি সিনেমা মনোনীত হয়েছে অতল এবং কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস। এর মধ্যে ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমায় ‘প্রিন্সেস রোজি’ চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। ছবিটিতে দেশের ঝিমিয়ে পড়া যাত্রাশিল্পের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।

উৎসবে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে আশনা হাবিব ভাবনা বলেন, নিজের দেশ ও সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরাই তার মূল লক্ষ্য। আর এমন মর্যাদাপূর্ণ মঞ্চে নিজের কাজ প্রদর্শিত হওয়ায় তিনি ভীষণ গর্বিত ও আনন্দিত।

আগামী ২৩ এপ্রিল পর্দা নামবে এই আন্তর্জাতিক উৎসবের, তবে এর আগেই বাংলাদেশের সিনেমা ও সংস্কৃতির উপস্থিতি বিশ্বমঞ্চে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।