মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের অভিনীত সিনেমা ‘পায়ল’-এর প্রদর্শনী উপলক্ষে হাজির হয়ে নজর কেড়েছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে তিনি বেছে নিয়েছিলেন সবুজ রঙের বেনারসি গাউন। তবে পোশাকের চেয়েও নেটদুনিয়ায় বেশি আলোচনা হচ্ছে তাঁর বিশেষ ‘কাক প্রীতি’ নিয়ে। এই ভালোবাসা প্রসঙ্গে ভাবনা জানান, পুরান ঢাকায় বেড়ে ওঠার সময় প্রথম দেখা পাখিটিই ছিল কাক, আর সেই শৈশব থেকেই এই পাখির প্রতি তাঁর অগাধ প্রেম। তিনি নিয়মিত কাকের ছবি আঁকেন এবং এই ভালোবাসাকে আন্তর্জাতিক মঞ্চেও গর্বের সাথে তুলে ধরেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কাক নিয়ে নানা ট্রল ও নেতিবাচক মন্তব্যের জবাবে ভাবনা নিন্দুকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ট্রল না করে বরং এই অবহেলিত পাখিটির প্রতি দয়া প্রদর্শন করা উচিত। তিনি সবাইকে বারান্দায় পাখিদের জন্য খাবার ও পানি দেওয়ার আহ্বান জানান। তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, তিনি নিজে প্রতিশোধ নেওয়ায় বিশ্বাসী নন; বরং প্রকৃতি ও সৃষ্টিকর্তার ওপরই সব ছেড়ে দেন। তাঁর বিশ্বাস, প্রকৃতির প্রতিশোধ মানুষের চেয়ে অনেক বেশি ভয়াবহ।

রেড কার্পেটে নিজের পোশাক নির্বাচন নিয়েও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন এই অভিনেত্রী। ভাবনা জানান, সবুজ বেনারসিতে তিনি আসলে নিজেকে বাংলাদেশের পতাকার আদলে উপস্থাপন করতে চেয়েছেন। তিনি মনে করেন, বিদেশের মাটিতে তিনি আর ব্যক্তিগত ‘ভাবনা’ নন, বরং তাঁর মাধ্যমে বাংলাদেশ রিপ্রেজেন্ট হয়। ঐতিহ্যবাহী বেনারসিকে বিয়ের গণ্ডি থেকে বের করে আন্তর্জাতিক অঙ্গনে ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে পৌঁছে দেওয়াই ছিল তাঁর মূল লক্ষ্য।