ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ‘ভারত পে’ সংস্থার প্রতিষ্ঠাতা অশনি গ্রোভার এর জীবনী নিয়ে নির্মিত একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আমির খান। সেখানে অশনির স্ত্রী মাধুরী জৈন গ্রোভার এর চরিত্রে দেখা যেতে পারে শ্রদ্ধা কাপুরকে।
প্রতিবেদন অনুযায়ী, শুরু থেকেই এই চরিত্রের জন্য শ্রদ্ধাকে ভাবা হয়েছে এবং চিত্রনাট্য তৈরির বিভিন্ন ধাপেও তিনি যুক্ত ছিলেন। সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করতে পারেন শ্রদ্ধার ঘনিষ্ঠজন রাহুল মোদি এমনটাও শোনা যাচ্ছে।
তবে আমির ও শ্রদ্ধার মধ্যে বয়সের পার্থক্য (প্রায় ২২ বছর) নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। যদিও এখনো পর্যন্ত এই সিনেমা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
উল্লেখ্য, শ্রদ্ধা কাপুর এর আগে আশিকি ২ এর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান। পরবর্তীতে স্ত্রী ২ এর মতো সফল সিনেমার মাধ্যমে নিজের অবস্থান আরও শক্ত করেন।
অন্যদিকে, শ্রদ্ধার সামনে আরও কয়েকটি নতুন প্রজেক্ট রয়েছে। পরিচালক লক্ষণ উতেকর এর একটি সিনেমাতেও তাকে দেখা যেতে পারে, যেখানে সম্ভাব্যভাবে তার সহ-অভিনেতা হতে পারেন ভিকি কৌশল।
সব মিলিয়ে, যদি খবরটি সত্যি হয়, তাহলে প্রথমবারের মতো আমির খান ও শ্রদ্ধা কাপুরকে একসঙ্গে বড় পর্দায় দেখার অপেক্ষায় থাকবেন দর্শকরা।