অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে আদালত খালাস দিয়েছে। সোমবার (৯ মার্চ) এ রায় ঘোষণা করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী

মামলার প্রাথমিক শুনানিতে সিআইডি পুলিশের ইন্সপেক্টর শাহিনুল ইসলাম এবং তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের এসআই জামাল উদ্দিন আদালতে সাক্ষ্য প্রদান করেন। আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার জানান, সাক্ষ্যগ্রহণ শেষে আসিফ আকবর আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৫ জুন রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার করা হলে আসিফ আকবরের অফিসে চার বোতল বিদেশি মদ পাওয়া যায়। মদ পরীক্ষা নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়।

লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে ২০১৮ সালের ২৩ জুলাই তার বিরুদ্ধে তেজগাঁও থানার সিআইডি পুলিশ মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর আসিফের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্র দাখিলের পাঁচ বছর পর, ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

আসিফ আকবরের বিরুদ্ধে মোট ৯ জন সাক্ষীর মধ্যে তিন জনের সাক্ষ্য শুনা হয়েছে, এরপরে আদালত যুক্তিতর্কের ভিত্তিতে রায় প্রদান করেন।