ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়া জেলার কাকপাথারের বাসিন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ যুগমায়া দত্তের আকস্মিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। লাইফস্টাইল ভ্লগ ও ট্রেন্ডিং রিল ভিডিওর মাধ্যমে পরিচিতি পাওয়া এই তরুণীর মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। ঘটনার তদন্তে তাঁর ব্যবহৃত মুঠোফোন জব্দ করেছে পুলিশ।

গত ২৬ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে যুগমায়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোক প্রকাশ করেন তাঁর অনুসারীরা। হাসিখুশি উপস্থিতি ও সাবলীল ভিডিও উপস্থাপনার কারণে অল্প সময়েই পরিচিতি পেয়েছিলেন তিনি। জানা গেছে, কিছুদিন আগে বাবার বাড়িতে গিয়েছিলেন যুগমায়া। ফেরার সময় মাকে শিগগিরই আবার দেখা করতে আসার কথাও বলেছিলেন তিনি।

এদিকে তাঁর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা ছড়ালেও আত্মহত্যা বা অন্য কোনো কারণের পক্ষে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আর্থিক সংকট কিংবা দাম্পত্য জীবনের কোনো সমস্যা জড়িত ছিল কি না, তা-ও স্পষ্ট নয়। যুগমায়ার বাবার পরিবারের দাবি, তাঁর দাম্পত্য জীবনে বড় ধরনের কোনো অশান্তি ছিল না।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। জব্দ করা মুঠোফোনের তথ্য বিশ্লেষণ করে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়ার আশা করছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত যুগমায়ার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।