রাজধানীর ১০০ ফিট সংলগ্ন কোর্টসাইডে আয়োজিত পাকিস্তানি জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট ঘিরে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। আয়োজক প্রতিষ্ঠান 'মেইন স্টেজ ইনকর্পোরেট'-এর চূড়ান্ত ব্যর্থতায় ক্ষোভে ফেটে পড়েছেন হাজার হাজার দর্শক। ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও ন্যূনতম সুবিধার চরম ঘাটতি দেখে সামাজিক মাধ্যমে সামাজিক যোগাযোগের পাতায় অনেকেই এই আয়োজনকে ‘গরুর খোঁয়াড়’ বা ‘মাছের বাজার’-এর সঙ্গে তুলনা করেছেন।

দর্শকদের মূল অভিযোগ, চড়া দামের টিকিট কেটেও ন্যূনতম সেবাটুকু পাননি তাঁরা। ১১ হাজার টাকা মূল্যের ভিআইপি টিকিটের দর্শকদের বসতে দেওয়া হয়েছিল অত্যন্ত সাধারণ মানের প্লাস্টিকের চেয়ার। অন্যদিকে, ২ হাজার ৫০০ টাকার টিকিট কেটে আসা দর্শকরা জানান মঞ্চ দেখার তো দূর, তাঁদের দাঁড় করিয়ে রাখা হয়েছিল এমন জায়গায় যেখানে সামনে শুধু গাছপালা দেখা যাচ্ছিল!

বৃষ্টিতে ভেন্যুর মেঝে ভিজে একাকার হয়ে গেলেও পানিনিরোধক কোনো ব্যবস্থা রাখেনি আয়োজকরা। ফলে পুরোটা সময় ভিজে দাঁড়িয়ে থাকতে হয়েছে দর্শকদের। নিরাপত্তাবেষ্টনী ও ব্যারিকেড ভেঙে পেছনের 'দুরি' জোনের দর্শকেরা সামনের 'আদাত' জোনে ঢুকে পড়ে চরম বিশৃঙ্খলা তৈরি করে। একমাত্র সংকীর্ণ প্রবেশদ্বারের কারণে দীর্ঘ লাইন ও ভিড়ের চাপে ছোট শিশুদের শ্বাসকষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়।

এছাড়া দর্শকদের জন্য ছাতা ও বড় ব্যাগ নিয়ে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও, আয়োজক ও তাঁদের পরিচিতদের অবাধে ভেপ ও সিগারেট নিয়ে ঢোকার দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেছেন ভুক্তভোগীরা। শত অব্যবস্থাপনা সত্ত্বেও আতিফ আসলাম যথাসময়ে পারফর্ম করে অনুষ্ঠান চালিয়ে গেলেও আয়োজকদের চরম অপেশাদারত্বের কারণে কনসার্টটি স্মরণকালের অন্যতম এক অভিজ্ঞতা হিসেবে রূপ নেয়।