দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কণ্ঠে নতুন করে মুগ্ধ হচ্ছেন ভক্তরা। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হতে যাওয়া তার স্টুডিও অ্যালবাম ‘সুবাহ আয়ে না’এর অন্যতম আলোচিত গান ‘হুন ইশক মে’এর দৃশ্যধারণের নতুন ঝলক প্রকাশ্যে এসেছে। তবে গানটির মিউজিক ভিডিওতে আতিফ আসলামের সঙ্গে প্রথমবারের মতো পর্দা ভাগ করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ইয়ুমনা জায়েদি। আর তাতেই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।
সম্প্রতি আতিফ আসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির নতুন পোস্টার প্রকাশ করেন। এরপরই তা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয় আলোচনা। প্রকাশিত ভিজ্যুয়ালে আতিফ ও ইয়ুমনাকে একটি স্পোর্টস কারের পাশে জমকালো লুকে দেখা গেছে।
রোমান্টিক ও মেলোডিয়াস ঘরানার এই গানটিতে দুই তারকার অনস্ক্রিন রসায়ন বেশ উপভোগ করছেন ভক্তরা। ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠা ইয়ুমনার সঙ্গে আতিফের এই মেলবন্ধন মিউজিক ভিডিওটিতে যোগ করেছে বাড়তি আকর্ষণ।
‘হুন ইশক মে’ গানটির কথা ও সুর করেছেন রাজ রঞ্জোধ। সংগীতায়োজন করেছেন শিরাজ উপ্পল। তারকাখচিত মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন নির্মাতা সাইফ হাসান। এতে আতিফ ও ইয়ুমনার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে মুস্তফা আফ্রিদিকে।
এদিকে দীর্ঘ ১৮ বছরের বিরতির পর পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবাম নিয়ে ফিরেছেন আতিফ আসলাম। সর্বশেষ ২০০৮ সালে প্রকাশিত হয়েছিল তার একক অ্যালবাম ‘মেরি কাহানি’। এরপর বিভিন্ন একক গান ও প্লেব্যাকের মাধ্যমে নিয়মিতই শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। তবে পূর্ণাঙ্গ অ্যালবামের জন্য ভক্তদের অপেক্ষা ছিল দীর্ঘদিনের।
অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন অ্যালবাম ও এর গানগুলোর দৃশ্যচিত্র নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দক্ষিণ এশিয়ার এই জনপ্রিয় সংগীতশিল্পী।