তামিল সিনেমা ‘বাথ্থা’র সাফল্য উদ্‌যাপন করতে গিয়ে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন নির্মাতা অ্যাটলি। এ সময় নিজের চেহারা নিয়ে ট্রোলিং এবং ২০২৪ সালে অনন্ত আম্বানির বিয়েতে স্ত্রী প্রিয়ার পোশাকে ‘Anant’s Brigade’ লেখা নিয়ে ওঠা সমালোচনারও জবাব দিয়েছেন তিনি।

সম্প্রতি ওই ছবি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে অনন্ত আম্বানিকে নিজের সবচেয়ে কাছের বন্ধু বলে উল্লেখ করেছেন অ্যাটলি। মুম্বাইয়ে সংগ্রামের সময় অনন্ত তার পাশে ছিলেন বলেও জানান তিনি।

‘বাথ্থা’র সাফল্য উদ্‌যাপনের অনুষ্ঠানে এক সাংবাদিক অ্যাটলিকে প্রশ্ন করেন, কোলিউড ও বলিউডে একের পর এক সফল সিনেমা উপহার দেওয়ার পরও নিজের চেহারা এবং আম্বানি পরিবারের বিয়েতে তার স্ত্রীর পোশাক নিয়ে ট্রোলিংয়ের মুখে পড়লে কেমন লাগে।

জবাবে অ্যাটলি বলেন, মানুষ যা খুশি বলতে পারে। নিজের গায়ের রং ও চেহারা নিয়ে যেসব মন্তব্য করা হয়, সেগুলোকে অন্যদের ব্যক্তিগত মতামত হিসেবে দেখেন তিনি। অ্যাটলি জানান, তাকে চারবার সিনেমায় নায়ক হিসেবে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তিনি সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

এরপর ২০২৪ সালে অনন্ত আম্বানির বিয়েতে স্ত্রী প্রিয়ার ‘Anant’s Brigade’ লেখা চোলি পরা নিয়ে ওঠা সমালোচনার প্রসঙ্গে কথা বলেন অ্যাটলি।

অ্যাটলি বলেন, অনন্ত আম্বানি তার সবচেয়ে ভালো বন্ধু এবং সবচেয়ে কাছের মানুষদের একজন। মুম্বাইয়ে সংগ্রামের সময় অনন্ত তার পাশে ছিলেন, এমনকি তার হাত ধরে সহযোগিতা করেছিলেন। তাই মানুষ যা-ই বলুক, তাতে তিনি গুরুত্ব দেন না। তার মতে, নিজেদের কাজের মাধ্যমেই সব সমালোচনার জবাব দেওয়া সম্ভব। আর তার উত্তর সবসময়ই সিনেমা।

অনন্ত আম্বানির বিয়েতে অভিনেত্রী অনন্যা পান্ডে, খুশি কাপুর ও শানায়া কাপুরকেও একই ধরনের চোলি পরতে দেখা গিয়েছিল।

এদিকে অ্যাটলির সর্বশেষ পরিচালিত সিনেমা ২০২৩ সালের ব্লকবাস্টার ‘জওয়ান’। শাহরুখ খান অভিনীত এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। বিশ্বব্যাপী সিনেমাটি এক হাজার কোটি রুপির বেশি আয় করে।

এরপর প্রযোজক হিসেবেও কাজ করেছেন অ্যাটলি। তার প্রযোজনায় মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান অভিনীত ‘বেবি জন’ এবং বিজয় সেতুপতি অভিনীত ‘বাথ্থা’। অ্যাটলির ২০১৬ সালের বিজয় অভিনীত ‘থেরি’ সিনেমার হিন্দি রিমেক ‘বেবি জন’।

বলিউডে আসার আগে কোলিউডে সফল ক্যারিয়ার গড়ে তুলেছিলেন অ্যাটলি। ২০১১ সালে ‘মুগাপুথাগাম’ দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হলেও ২০১৩ সালের ‘রাজা রানি’ তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর বিজয়কে নিয়ে ‘থেরি’, ‘মেরসাল’ ও ‘বিগিল’ নির্মাণ করেন তিনি। পরে ‘জওয়ান’ দিয়ে বলিউডে নিজের অবস্থান তৈরি করেন।

বর্তমানে আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে ‘রাকা’ নামের একটি সায়েন্স ফিকশন সিনেমার শুটিং করছেন অ্যাটলি।