ভয়, ঝুঁকি আর দুঃসাহসের কঠিন পরীক্ষা শেষে ‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-এর চ্যাম্পিয়ন হয়েছেন টেলিভিশন অভিনেতা অবিনাশ মিশ্র। গতকাল রাতে প্রচারিত গ্র্যান্ড ফিনালেতে রিতভিক ধনজানি ও ওরহান আওয়াত্রামানি ওরফে অরিকে পেছনে ফেলে শিরোপা জিতে নেন তিনি।
রোহিত শেঠি সঞ্চালিত স্টান্টভিত্তিক এই রিয়েলিটি শোর ফাইনাল টাস্কে সবচেয়ে কম সময়ে চ্যালেঞ্জ শেষ করেন অবিনাশ। ফলে তাঁর হাতেই ওঠে বিজয়ীর ট্রফি। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ২০ লাখ রুপি, একটি বিলাসবহুল গাড়ি এবং ইউরোপ ভ্রমণের সুযোগ।
১০ বছর পর প্রথম জয়
বিজয়ীর নাম ঘোষণার পর আবেগ ধরে রাখতে পারেননি অবিনাশ। রোহিত শেঠিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি। অভিনেতা জানান, গত ১০ বছরে টেলিভিশনে অনেক কাজ করলেও কোনো প্রতিযোগিতায় বিজয়ী হতে পারেননি। তাঁর জন্য এটিই প্রথম রিয়েলিটি শো, যেখানে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন।
অবিনাশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন রোহিত শেঠিও। তাঁর মতে, শুরু থেকেই অবিনাশের মধ্যে ফাইনালে যাওয়ার মতো যোগ্যতা ছিল।
বিজয়ের পর গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় অবিনাশ বলেন, টেলিভিশনে প্রায় এক দশক কাজ করতে গিয়ে তাঁর পরিচয়ের একটি বড় অংশ হয়ে উঠেছিল পর্দার ‘সুদর্শন ছেলে’ ভাবমূর্তি। সেই পরিচয় উপভোগ করলেও নিজের আরও অনেক দিক দর্শকদের সামনে তুলে ধরার ইচ্ছা ছিল তাঁর।
অবিনাশের মতে, ‘খতরোঁ কে খিলাড়ি’ তাঁকে সেই সুযোগ দিয়েছে। এই অনুষ্ঠানে এসে নিজের কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন তিনি। নিজেকে পরীক্ষা করতেই শোতে এসেছিলেন, তবে এখান থেকে ফিরছেন নিজের ওপর আগের চেয়ে অনেক বেশি বিশ্বাস নিয়ে। তাঁর কাছে সেটিই সবচেয়ে বড় জয়।
দ্বিতীয় রিতভিক, তৃতীয় অরি
ফাইনালের কঠিন স্টান্টে অবিনাশের পর দ্বিতীয় স্থান অর্জন করেন রিতভিক ধনজানি। তৃতীয় হন ওরহান আওয়াত্রামানি, যিনি অরি নামেই বেশি পরিচিত।
ফাইনালের শেষ মুহূর্ত পর্যন্ত তিন প্রতিযোগীর মধ্যে ছিল তীব্র উত্তেজনা। তবে চূড়ান্ত টাস্ক শেষ করার সময়ের ব্যবধানেই অবিনাশকে এগিয়ে দেন রোহিত শেঠি।
গ্র্যান্ড ফিনালেতে অবিনাশকে সমর্থন দিতে হাজির হয়েছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও ‘বিগ বস ১৮’-এর প্রতিযোগী ঈশা সিং। বিজয়ীর নাম ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে অবিনাশকে জড়িয়ে ধরেন তিনি।
ডিজে থেকে অভিনেতা
অবিনাশ মিশ্র প্রায় এক দশক ধরে টেলিভিশনে কাজ করছেন। অভিনয়ে আসার আগে তিনি ডিজে হিসেবে কাজ করতেন। ২০১৬ সালে ‘শেঠজি’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর। পরের বছর ‘ইশকবাজ’-এ অভিনয় করেন।
২০১৮ সালে ‘মরিয়ম খান-রিপোর্টিং লাইভ’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন অবিনাশ। তবে তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মোড় আসে ২০২২ সালে ‘নাথ’ ধারাবাহিকে অভিনয়ের পর। এই ধারাবাহিকের সাফল্যের পর তাঁর জনপ্রিয়তা আরও বাড়তে থাকে।
এরপর সালমান খান সঞ্চালিত ‘বিগ বস ১৮’-এ অংশ নেওয়ার সুযোগ পান অবিনাশ। সেখানেও ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন তিনি। এবার ‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-এর ট্রফি জিতে রিয়েলিটি শোতে নিজের সাফল্যের খাতায় যোগ করলেন নতুন অধ্যায়।
দীর্ঘদিন টেলিভিশনের পরিচিত মুখ হলেও অবিনাশের চাওয়া ছিল, দর্শক যেন তাঁকে শুধু চেহারা বা পর্দার উপস্থিতির জন্য নয়, তাঁর কাজ ও দক্ষতার জন্যও মনে রাখেন। ‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-এর বিজয় তাঁর সেই প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করেছে।