প্রয়াত কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশ পাচ্ছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’। এবি কিচেনের উদ্যোগে নির্মিত এই অ্যালবামে আইয়ুব বাচ্চুর কালজয়ী ২০টি গান নতুন সংগীতায়োজনে তুলে ধরছেন এ সময়ের বেশ কিছু ব্যান্ড ও শিল্পী। ইতোমধ্যেই অ্যালবামের দুটি গান বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘রূপালি গিটার’ এবং কানিজ সুবর্ণার কণ্ঠে ‘কষ্ট পেতে ভালোবাসি’ মুক্তি পেয়েছে। তবে গান দুটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

আইয়ুব বাচ্চুর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গান দুটি প্রকাশ পাওয়ার পর থেকে শ্রোতারা শুনছেন ও মতামত জানাচ্ছেন। বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘রূপালি গিটার’ শুনে আবেগাপ্লুত হয়েছেন ভক্তরা। গানটির নতুন আয়োজন ও গায়কি বেশ প্রশংসিত হচ্ছে সামাজিক মাধ্যমে। অন্যদিকে, কানিজ সুবর্ণার কণ্ঠে ‘কষ্ট পেতে ভালোবাসি’ গানটি নিয়ে শ্রোতারা দুই ভাগে বিভক্ত। একদল তাঁর ভিন্নমাত্রার কম্পোজিশন ও পরিবেশনার প্রশংসা করলেও অন্য দল মূল গানের মেজাজ নষ্ট করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন।

তবে নানা মতভেদ সত্ত্বেও আইয়ুব বাচ্চুর স্মৃতি ফিরিয়ে আনা এবং তাঁর ব্যবহৃত গিটার, পোশাকসহ স্মৃতিচিহ্ন সংরক্ষণের উদ্দেশ্যে এই আয়োজন করার জন্য প্রযোজনা প্রতিষ্ঠান ‘এবি কিচেন’-এর প্রতি ধন্যবাদ জানিয়েছেন সংগীতাঙ্গনের মানুষ ও আইয়ুব বাচ্চুর অগণিত ভক্ত। উল্লেখ্য, এই অ্যালবামে দলছুট, আরবোভাইরাস, সোনার বাংলা সার্কাসের মতো জনপ্রিয় ব্যান্ড এবং বাবনা করিম, চন্দন জামান আলীদের মতো গুণী শিল্পীরাও খালি গলায় বা নতুন আয়োজনে গান গাইছেন।