টালিউডের বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর এক মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। দুর্গাপূজায় আমিষ না নিরামিষ এ নিয়ে যখন নানা মত চলছে, ঠিক সেই সময় বাংলাদেশের খাবার নিয়ে কথা বলতে গিয়ে গরুর মাংস পছন্দের কথা জানিয়েছেন এই অভিনেতা।

বর্তমানে শুটিংয়ের কাজে বাংলাদেশে অবস্থান করছেন বিশ্বজিৎ। গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের মানুষ, আতিথেয়তা ও খাবারের প্রশংসা করেন তিনি। এরপর তাকে জিজ্ঞাসা করা হয়, বাংলাদেশের কোন খাবার তার সবচেয়ে পছন্দের। জবাবে তিনি বলেন, গরুর মাংস ও ইলিশ মাছ তার পছন্দের।

ইতোমধ্যে এসব খাবার খাওয়া হয়েছে কি না জানতে চাইলে অভিনেতা জানান, বাংলাদেশে সদ্য এসেছেন। দুপুরে মাংস ভাত খেয়েছেন এবং রাতে গরুর মাংস খেতে যাওয়ার কথা রয়েছে। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় বিতর্ক।

একাংশের নেটিজেন তার মন্তব্যের সমালোচনা করেছেন। কেউ তাকে উদ্দেশ করে কটাক্ষ করেছেন, আবার কেউ ডিম ছোড়ার হুমকিও দিয়েছেন। অন্যদিকে, আরেকদল নেটিজেন বিশ্বজিতের পক্ষ নিয়ে বলেছেন, একজন মানুষ কী খাবেন, সেটি তার ব্যক্তিগত রুচির বিষয়।

এর আগে ২০২৪ সালে বাংলাদেশের রান্না নিয়ে একটি ভিডিওতে গরুর মাংস রান্না দেখিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। বিশ্বজিতের মন্তব্যকে ঘিরে নতুন বিতর্ক সেই ঘটনাকেও মনে করিয়ে দিচ্ছে।

উল্লেখ্য, ১৯৯৩ সালে অশোক বিশ্বনাথনের ‘শূন্য থেকে শুরু’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন বিশ্বজিৎ চক্রবর্তী। ‘ভূতের ভবিষ্যৎ’, ‘বাই বাই ব্যাংকক’, ‘মিশর রহস্য’, ‘জাতিস্মর’ ও ‘রাজকাহিনি’র মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। বর্তমানে ‘ও মোর দরদিয়া’, ‘তারে ধরি ধরি মনে করি’ ও ‘জোয়ার ভাঁটা’য় দেখা যাচ্ছে এই অভিনেতাকে।