আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলা পাকিস্তানি সিরিজ ‘বাচায় হ্যায় সাঙ সামাইট লো’ (Bachay Hain Sang Samait Lo)-এর ভারতে মুক্তি বন্ধ করার দাবি তুলেছেন চলচ্চিত্রকর্মীদের সংগঠন অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে সংগঠনটি এবং ভারতে সব ধরনের পাকিস্তানি কনটেন্টের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।

সংগঠনটির দাবি, সিরিজটিতে ফওয়াদ খান, মাহিরা খান, হানিয়া আমির ও সামান আনসারিসহ একাধিক পাকিস্তানি শিল্পী অভিনয় করেছেন, যাঁদের কয়েকজন উত্তেজনাকর সময়ে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। চিঠিতে পুলওয়ামা হামলার পর পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার দাবি উল্লেখ করার পাশাপাশি পেহেলগাম হামলার পর ভারত সরকারের নেওয়া পদক্ষেপের কথাও তোলা হয়েছে। এআইসিডব্লিউএ জানায়, ২০২৫ সালের ৮ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক নির্দেশিকায় ওটিটি প্ল্যাটফর্ম ও স্ট্রিমিং মাধ্যমগুলোকে পাকিস্তানি ওয়েব সিরিজ, গান ও পডকাস্টসহ সব ধরনের কনটেন্ট সম্প্রচার বন্ধের পরামর্শ দিয়েছিল; এই সিরিজ মুক্তি পেলে সেই নির্দেশিকার মূল চেতনা ক্ষুণ্ন হবে।

সংগঠনের সভাপতি সুরেশ গুপ্ত ভারতে পাকিস্তানি কনটেন্ট প্রদর্শনের বিরুদ্ধে কঠোর আইন ও শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে নেটফ্লিক্সসহ অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মকে সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে এসব অনুষ্ঠান না দেখানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।