জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন চ্যাপ্টারে যুক্ত হচ্ছেন কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাই ও অভিনেত্রী সুনেরাহ। নির্মাতা কাজল আরেফিন অমির এই ধারাবাহিকের ‘চ্যাপ্টার ১৪’ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পেতে যাচ্ছে।

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আগের চ্যাপ্টারের গল্প শেষ হওয়ার পর এবার নতুন মোড় নিয়ে ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’। এবারের পর্বগুলোতে রাফসান ও সুনেরাহর উপস্থিতি থাকছে অন্যতম আকর্ষণ হিসেবে। ব্যাচেলর ফ্ল্যাটের পরিচিত বিশৃঙ্খলা, হাস্যরস ও নানা ঘটনার মধ্যে তাঁদের আগমন গল্পে নতুন কোনো টুইস্ট আনবে বলে ধারণা করা হচ্ছে। দুই তারকার অংশগ্রহণ ঘিরে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

অসুস্থতার কারণে কিছুদিন বিরতির পর ‘চ্যাপ্টার ১৩’-এর মাধ্যমে ফিরেছিল ‘ব্যাচেলর পয়েন্ট’। ফেরার পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে ধারাবাহিকটি। সেই সাড়া ধরে রাখতে এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ প্ল্যাটফর্মে একযোগে প্রকাশ করা হবে ‘চ্যাপ্টার ১৪’-এর আটটি নতুন পর্ব। ১০৫ থেকে ১১২ নম্বর পর্যন্ত পর্বগুলো নিয়ে সাজানো হয়েছে এই চ্যাপ্টার।

বঙ্গের পাশাপাশি ‘ব্যাচেলর পয়েন্ট’ প্রচারিত হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়। এছাড়া ইউটিউবেও বুম ফিল্মসের চ্যানেলে ধারাবাহিকটির পর্বগুলো দেখা যাচ্ছে।