ভারতের জনপ্রিয় র্যাপার বাদশা তার সাম্প্রতিক গান ‘টাটেরি’-র কারণে সৃষ্ট বিতর্কের পর শেষ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেছেন। গানটির কথায় অশ্লীলতা এবং ভিডিওতে নারীদের আপত্তিকরভাবে উপস্থাপনার অভিযোগে তিনি ভারতের জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ)-এর সামনে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। শুনানিতে বাদশা একটি লিখিত ক্ষমা প্রার্থনাপত্রও জমা দেন।
গত মার্চে মুক্তি পাওয়া এই গানটির কুরুচিপূর্ণ শব্দচয়ন জনমানসে তীব্র ক্ষোভ সৃষ্টি করায় কমিশন দ্রুত পদক্ষেপ নেয়। শুনানির সময় বাদশা জানিয়েছিলেন, আগামী চার মাসের মধ্যে তিনি নারী ক্ষমতায়নের ওপর ভিত্তি করে একটি বিশেষ গান তৈরি করবেন। এছাড়া অন্তত ৫০ জন কন্যাশিশুর পড়াশোনার খরচ ও দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং নারীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থার জন্য কনসার্ট বা অন্যান্য মাধ্যমে অর্থ সংগ্রহ করার অঙ্গীকারও করেছেন।
বিতর্কিত গানটি ইতোমধ্যেই ইন্টারনেট থেকে সরানো হয়েছে। তবে হরিয়ানায় নারীদের অবমাননার অভিযোগে বাদশার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় ‘নারী অশালীন উপস্থাপনা নিষেধ আইন’ এবং ‘তথ্য প্রযুক্তি আইন’ অনুযায়ী দোষী সাব্যস্ত হলে এই র্যাপারকে গুরুতর শাস্তির মুখে পড়তে হতে পারে।