দেশের অন্যতম শ্রোতাপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’-এর দীর্ঘ ২৭ বছরের চেনা কণ্ঠস্বরে বড় পরিবর্তন এসেছে। ব্যক্তিগত কারণে প্রধান গায়ক লিংকন ডি কস্তা কানাডায় থাকায় তাঁর পরিবর্তে দলটিতে ‘ট্যুরিং ভোকাল’ হিসেবে যোগ দিয়েছেন ‘বে অব বেঙ্গল’ ব্যান্ডের পরিচিত মুখ বখতিয়ার হোসাইন। সম্প্রতি খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই শ্রোতা ও ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

আগামী ১০ জুলাই ‘ওভারলোড ফেস্টিভ্যাল’-এর মঞ্চে নতুন ভোকাল বখতিয়ারকে নিয়ে প্রথমবারের মতো পারফর্ম করতে যাচ্ছে আর্টসেল। এই কনসার্টকে সামনে রেখে বর্তমানে পুরোদমে জ্যামিং ও অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন ব্যান্ডের সদস্যরা। সম্প্রতি আর্টসেলের অফিশিয়াল পেজে বখতিয়ারের কণ্ঠে ব্যান্ডের জনপ্রিয় গানের অনুশীলনের একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি শেয়ার করার পর থেকেই কমেন্ট বক্সে শ্রোতাদের মন্তব্যের ঝড় উঠেছে।

অনেকে লিংকনের অনুপস্থিতি মেনে নিতে না পেরে হতাশা প্রকাশ করেছেন। এক শ্রোতা মন্তব্য করেছেন, “লিংকন ভাইকে ছাড়া আর্টসেল! কল্পনা করা যায়?” আরেকজনের মতে, “আর্টসেলের হয়ে লিংকনের পারফর্মেন্সের কোনো বিকল্প নেই, কেউই তার জায়গা নিতে পারবে না।” কেউ কেউ আবার সাবেক ‘ওয়ারফেজ’ গায়ক মিজানকে দলে নেওয়ার পরামর্শও দিয়েছেন।

তবে নেতিবাচক মন্তব্যের পাশাপাশি বখতিয়ারের প্রতি সমর্থন ও শুভকামনাও জানিয়েছেন বহু ভক্ত। এক অনুসারী লিখেছেন, “ব্যান্ডের স্বকীয়তা নষ্ট হলেও বখতিয়ার মানেই ভালো কিছু।” অন্য একজন মুগ্ধতা প্রকাশ করে বলেন, “লিংকন নিজের জায়গায় কিংবদন্তি, আবার বখতিয়ারও মনে রাখার মতো।”

এর আগে গত ২৪ জুন এক ভিডিও বার্তার মাধ্যমে ব্যান্ডে এই অস্থায়ী পরিবর্তনের কথা জানান লিংকন নিজে। তিনি বলেন, “গত ২৭ বছরে আমি কখনও আর্টসেলের ক্লাসে অনুপস্থিত থাকিনি। কিন্তু জীবনের চলার পথে এমন কিছু পরিস্থিতি আসে যা এড়ানো যায় না।” বখতিয়ারের প্রশংসা করে তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, “বখতিয়ার অসাধারণ একজন ভোকাল ও মিউজিশিয়ান। সে আর্টসেলের আবেগ বোঝে। কেউ কারও সাথে তুলনা করবেন না।” অন্যদিকে বখতিয়ারও লিংকনের জায়গা নেওয়ার ধৃষ্টতা তাঁর নেই উল্লেখ করে নিজের সর্বোচ্চটা দিয়ে আর্টসেলের লেগেসি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।