ঈদের সিনেমা হিসেবে মুক্তির পর থেকেই আলোচনার শীর্ষে ছিল তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। এবার সেই আলোচনার প্রতিফলন ঘটল টিকিটের সংখ্যা ও আয়ের পরিসংখ্যানে। মুক্তির ১৮ দিন পার হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী, সিনেমাটি এখন পর্যন্ত ১ লাখেরও বেশি দর্শক টিকিট কেটে প্রেক্ষাগৃহে উপভোগ করেছেন।

সিনেমাটি দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পাওয়ায় নিখুঁত দর্শক সংখ্যা ও আয়ের হিসেব পাওয়া সম্ভব হয়েছে। প্রযোজনা সূত্র জানায়, গত ১৮ দিনে সিনেমাটির মোট আয় ৫ কোটি টাকা ছাড়িয়ে গেছে, যা এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ।

দর্শকদের এই অভাবনীয় সাড়া নিয়ে পরিচালক তানিম নূর বলেন:

“দর্শক সিনেমাটি দেখছেন এটাই ভালো লাগার। কারণ, দর্শকদের জন্যই সিনেমা বানানো। এই ভালোবাসাই আমাদের কাছে অনুপ্রেরণা।”

কেবল দেশের বাজারে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দাপট দেখাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। উত্তর আমেরিকার বাজারে মুক্তির প্রথম তিন দিনেই এটি আয় করেছে ৫৪ হাজার মার্কিন ডলার। অস্ট্রেলিয়া ও বিদেশের অন্যান্য বাজারের হিসাব মিলিয়ে আন্তর্জাতিক আয় ইতিমিধ্যেই এক লাখ ডলার ছাড়িয়েছে।

সিনেমার গল্প নিয়ে তানিম নূর বলেন:

“ট্রেন যেমন দেশের এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে যুক্ত করে, তেমনি ‘বনলতা এক্সপ্রেস’ মানুষের হৃদয়ের বিচ্ছিন্ন গল্পগুলোকে এক সুতোয় গেঁথে দেয়। পুরো বাংলাদেশকে এক ট্রেনযাত্রার অভিজ্ঞতায় এবং একটি অভিন্ন অনুভূতিতে বেঁধে ফেলার চেষ্টা রয়েছে এই ছবিতে।”

বুড়িগঙ্গা টকিজ ও হইচই স্টুডিওসের এই প্রজেক্টে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।