আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে তানিম নূর পরিচালিত চলচ্চিত্র বনলতা এক্সপ্রেস। কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর জনপ্রিয় গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমার অফিসিয়াল পোস্টারের পর এবার প্রকাশ করা হয়েছে এর ফার্স্টলুক, যা প্রকাশের পরপরই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
বুধবার সন্ধ্যায় হইচই বাংলাদেশ ও বুড়িগঙ্গা টকিজ-এর ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফার্স্টলুকটি উন্মুক্ত করা হয়। সেখানে ফুটে উঠেছে এক নস্টালজিক রেলস্টেশনের আবহ। ট্রেনযাত্রাকে কেন্দ্র করে ধীরে ধীরে দর্শকের সামনে হাজির করা হয়েছে বিভিন্ন চরিত্রকে, যেন একটি যাত্রার ভেতর দিয়েই গড়ে উঠছে নানা গল্পের সমাহার।
এই সিনেমায় ট্রেনযাত্রার সহযাত্রী হিসেবে দেখা যাবে একঝাঁক জনপ্রিয় তারকাকে। অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর এবং শরীফুল রাজসহ আরও অনেক নতুন মুখ।
ফার্স্টলুকে সাবিলা নূরকে দেখা গেছে একেবারে সাধারণ বাঙালি নারীর চরিত্রে। অন্যদিকে চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন একজন মন্ত্রীর ভূমিকায়, যার স্ত্রীর চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন। আর শরীফুল রাজকে দেখা যাবে একজন চিকিৎসকের চরিত্রে।
এছাড়া মোশাররফ করিমের চরিত্রটিও বেশ ভিন্নধর্মী। প্রথম ঝলকে তার অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ মহানগর এর বিখ্যাত সংলাপ ‘দুইটা কথা মনে রাখবে’ নতুনভাবে ব্যবহার করা হয়েছে, যা দর্শকদের জন্য বাড়তি চমক ও হাসির উপাদান যোগ করেছে।
নির্মাতা তানিম নূরের ভাষায়, হুমায়ূন আহমেদের গল্পে মানুষের অনুভূতি, নীরব যন্ত্রণা এবং গভীর মানবিকতার স্পর্শ থাকে। ‘বনলতা এক্সপ্রেস’ সেই অনুভূতিগুলোকেই দৃশ্যমান এক ভ্রমণের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে। একটি ট্রেনযাত্রার অভিজ্ঞতার ভেতর দিয়ে পুরো বাংলাদেশকে এক অভিন্ন আবেগে বেঁধে ফেলার প্রয়াস রয়েছে এই সিনেমায়।
দেশের প্রেক্ষাগৃহে ঈদুল ফিতরে মুক্তির পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। আগামী ৩ এপ্রিল থেকে দেশের বাইরে বিভিন্ন জায়গায় ছবিটি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নস্টালজিক আবহ, শক্তিশালী গল্প এবং তারকাবহুল অভিনয় সব মিলিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ ইতোমধ্যেই ঈদের সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে চলে এসেছে।