রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বড় সাফল্য পেল বাংলাদেশি সিনেমা ‘মাস্টার’। নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ এই উৎসবের ২০২৬ আসরে ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত রাজনৈতিক থ্রিলারটি। ১২টি আন্তর্জাতিক চলচ্চিত্রকে পেছনে ফেলে বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে সেরা নির্বাচিত হয় ‘মাস্টার’।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজসহ আরও অনেক শিল্পী। ছবিটির চিত্রনাট্যের সহ-রচনা, পরিচালনা ও প্রযোজনার দায়িত্বও পালন করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত নিজেই।

এই স্বীকৃতির সঙ্গে ছবিটি পেয়েছে ১৫ হাজার ইউরো পুরস্কারমূল্য, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২১ লাখ টাকার সমান। পাশাপাশি, চলচ্চিত্রটির ডাচ ডিস্ট্রিবিউশন স্বত্ব নেওয়া পরিবেশককে উৎসব কর্তৃপক্ষ অতিরিক্ত ১৫ হাজার ইউরো সহায়তা দেবে। এর ফলে ইউরোপীয় বাজারে ছবিটির প্রদর্শন ও বাণিজ্যিক সম্ভাবনা আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

জুরি বোর্ডের মূল্যায়নে বলা হয়, ‘মাস্টার’ একজন মানুষের নৈতিক অবস্থান ধরে রাখার সংগ্রামের এক সার্বজনীন গল্প। ক্ষমতা ও পুঁজিবাদের প্রলোভন কীভাবে ধীরে ধীরে একজন আদর্শবাদী মানুষকে বদলে দেয়, তা ছবিতে সূক্ষ্ম ও বহুস্তরীয় ভাষায় তুলে ধরা হয়েছে। ভিজ্যুয়াল, জীবন্ত লোকেশন ও বাস্তবধর্মী পার্শ্বচরিত্রের মধ্য দিয়ে প্রধান চরিত্রের নৈতিক দ্বন্দ্বকে গভীর অভিনয়ে উপস্থাপন করা হয়েছে, যা শেষ পর্যন্ত ক্ষমতার সর্বগ্রাসী রূপকে উন্মোচিত করে।

গত ২ ফেব্রুয়ারি রটারড্যামে ‘মাস্টার’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ারের পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পেতে থাকে ছবিটি এবং মুক্তির আগেই আলোচনায় চলে আসে এই বাংলাদেশি চলচ্চিত্র।