তিন দশকেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনে সক্রিয় বাপ্পা মজুমদার এখনো সমান উদ্যমে নতুন মৌলিক গান তৈরি করে চলেছেন। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া এই শিল্পী সম্প্রতি প্রকাশ করেছেন নতুন গান ‘বুড়ো নাবিকের গল্প’। নিজের লেখা, সুর ও সংগীতে নির্মিত গানটিতে তিনি তুলে ধরেছেন এক ভিন্নধর্মী আবেগঘন গল্প।

‘সিন্ধু নাবিক, ভেবে সব দিক, জলের সাথে নিলো আড়ি/ সেই সে নাবিক, আজ চার দেয়ালে, দেবে না আর দূর পাড়ি’ এমন কথায় সাজানো গানটির মাধ্যমে একজন বাবার অন্তহীন দায়িত্ববোধ, ত্যাগ এবং সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার গল্প তুলে ধরেছেন বাপ্পা। জীবনের নানা সংগ্রামের মধ্য দিয়ে পরিবারকে আগলে রাখা একজন মানুষের অনুভূতি ও বাস্তবতাই গানের মূল উপজীব্য।

গানটির ভিডিওতেও সেই আবেগময় গল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন আহাদ অন্তর, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। অন্যদিকে গানটির রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্ব পালন করেছেন আমজাদ হোসেন বাপ্পী।

নতুন গান প্রকাশের পাশাপাশি সংগীতপ্রেমীদের জন্য নিয়মিত নানা ধরনের কনটেন্টও তৈরি করেন বাপ্পা মজুমদার। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জনপ্রিয় গানের গিটার সলো শেয়ার করেন তিনি, যা শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলে। পাশাপাশি সংগীতচর্চা, সুর ও বাদ্যযন্ত্র বিষয়ে শিক্ষামূলক ভিডিও কনটেন্টও প্রকাশ করে থাকেন এই শিল্পী।

এদিকে সম্প্রতি বাপ্পা মজুমদারকে সম্মান জানিয়ে আয়োজন করা হয় একটি বিশেষ সংগীতানুষ্ঠানের। সেখানে তাঁর জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন নতুন প্রজন্মের আটজন শিল্পী। অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজের গান অন্যদের কণ্ঠে উপভোগ করেন বাপ্পা। একই সঙ্গে আয়োজনের সঙ্গে যুক্ত শিল্পী ও উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান তিনি।

দীর্ঘ ক্যারিয়ারের পরও নতুন গান, নতুন ভাবনা এবং নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ বজায় রেখে এগিয়ে চলা বাপ্পা মজুমদার আবারও প্রমাণ করলেন, সৃজনশীলতার কোনো বয়স হয় না। ‘বুড়ো নাবিকের গল্প’ সেই ধারাবাহিকতারই আরেকটি নতুন সংযোজন।