২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পোড়ামন ২’ সিনেমার পর দীর্ঘ সময় আর রূপালী পর্দায় দেখা মেলেনি ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জেষ্ঠ্য অভিনেতা বাপ্পারাজের। মাঝে ওয়েব সিরিজ ও সিনেমায় নাম লেখালেও সেগুলো আলো দেখেনি। অবশেষে দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে আবার নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন এই অভিনেতা। পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’তে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
নির্মাতা মোহাম্মদ ইকবাল জানান, চিত্রনাট্য ও চরিত্রের বিশেষ প্রয়োজন বিবেচনা করেই বাপ্পারাজকে এই সিনেমার জন্য নির্বাচন করা হয়েছে। যদিও তাঁর চরিত্রটি কেমন হবে, তা এখনই ফাঁস করতে চাননি তিনি। চলতি আগস্টের শুরুতেই এক জাঁকজমকপূর্ণ মহরত অনুষ্ঠানের মাধ্যমে ‘গুলশানের চামেলি’র ঘোষণা দেওয়া হয়। তারকাবহুল এই সিনেমার মাধ্যমেই ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের। এছাড়া দীর্ঘ বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন চিত্রনায়ক আমিন খানও। সিনেমায় আরও দেখা যাবে রোজিনা, ওমর সানী ও আজমেরী হক বাঁধনের মতো জনপ্রিয় মুখদের।
অভিজাত সমাজের অন্ধকার জীবন, ক্ষমতার অপব্যবহার ও রাজনীতির গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘গুলশানের চামেলি’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে ও অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমাটির শুটিং চলতি বছরের ডিসেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে আগামী বছরের যেকোনো এক ঈদে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।